গতকাল মোহামেডান হোঁচট খাওয়ায় বসুন্ধরা কিংসের টানা পঞ্চম লিগ শিরোপা জেতার পথ আরো পরিষ্কার হয়ে গেছে। বাকি পাঁচ ম্যাচ থেকে কিংসের দরকার মাত্র ৭ পয়েন্ট। এই পয়েন্ট ৪-এ নেমে আসতে পারে যদি আজ আবাহনীকে হারাতে পারে। কিংস অ্যারেনায় সেই কাজটা সেরা ফুটবল খেলেই করতে চান অস্কার ব্রুজোন।
কিংস শিরোপা জেতার পথে আরেক ধাপ এগিয়ে যাওয়ার মিশনে নামলেও আবাহনী নামছে দুইয়ে থেকে লিগ শেষ করতে। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহামেডান শেষ দুই ম্যাচে ৪ পয়েন্ট হারানোয় আকাশি-নীলদের সামনে সুযোগ উঁকি দিয়েছে। আজ কিংসের বিপক্ষে জিততে পারলে মোহামেডানের সমান পয়েন্ট হবে আন্দ্রেস ক্রুসিয়ানির দলের। সেই লক্ষ্য পূরণের আশা করছেন দলটির অধিনায়ক রহমত মিয়া, ‘কিংস সব সময় কঠিন প্রতিপক্ষ।
আর ওদের মাঠে তো আরো শক্তিশালী। আমরা জেতার জন্য নামব এবং আমাদের সবার মধ্যে আত্মবিশ্বাস আছে যে ভালো করতে পারব।’
কিংসকে হারিয়ে মৌসুমের শেষটা সুখকর করতে চাইবে আবাহনী। যে কারণে কিংস কোচ অস্কার ব্রুজোন সে বিষয়ে সজাগ, ‘বড় ম্যাচ এটা।
শেষ দিকে এসে তারা (আবাহনী) ভালো ফর্মে আছে এবং ক্লাবের লক্ষ্য পূরণে চেষ্টা করবে। ওদের দলে ভালো মানের খেলোয়াড় আছে। কঠিন ম্যাচ হতে যাচ্ছে।’ ব্রুজোন অবশ্য সেরা ফুটবলে দর্শকদের আনন্দ দিয়ে ম্যাচ জিততে চান, ‘একটি দুর্দান্ত ম্যাচের আশা করছি, যেখানে উভয় দলই আক্রমণাত্মক ফুটবল খেলতে পছন্দ করে। আমাদের লক্ষ্য ম্যাচ জেতা এবং কিংস অ্যারেনায় সম্ভাব্য সেরা ছন্দে দেখা যাবে আমাদের।
হলুদ কার্ডের খড়গে এই ম্যাচে কিংস পাচ্ছে না রক্ষণভাগের অভিজ্ঞ তপু বর্মণকে। ব্রুজোন অবশ্য আস্থা রাখছেন অন্যদের ওপর, ‘আমাদের জন্য ক্ষতি বলা যায়। সে ভালো ফর্মে ছিল, কিন্তু অন্যরাও তার অভাব পূরণে প্রস্তুত।’ প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত আবাহনীর কাছে হারের রেকর্ড নেই কিংসের। ৯ ম্যাচ খেলে কিংস জিতেছে সাতটি, ড্র হয়েছে দুটি। আজ সেই রেকর্ড অক্ষুণ্ন রাখার সঙ্গে শিরোপার আরো কাছে পৌঁছে যেতেই নামছে ব্রুজোনের দল।