প্রথম ম্যাচ হারের পর ঘুরে দাঁড়িয়ে টানা দুই ম্যাচ জিতে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে নিল পাকিস্তান। তৃতীয় টি-টোয়েন্টিতে গত রাতে পাকিস্তানের জয় ৬ উইকেটে। ডাবলিনে মঙ্গলবার ১৭৯ রানের লক্ষ্য ১৮ বল হাতে রেখে পেরিয়ে যায় তারা। এতে ২-১-এ সিরিজ জিতল বাবর আজমরা।
ডাবলিনে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে তৃতীয় ওভারেই উইকেট হারায় পাকিস্তান। শাহিন শাহ আফ্রিদির বলে বোল্ড হয়ে ফেরেন রস অ্যাডায়ার। এরপর অবশ্য ধাক্কা সামাল দেয় আইরিশরা। দারুণ খেলতে থাকেন অ্যান্ডি বালবার্নি ও টাকার।
২৯ বলে ফিফটি তুলে নেন টাকা। দশ ওভারেই আইরিশদের স্কোর বোর্ডে সংগ্রহ দাঁড়ায় এক শ। কিন্তু ওই ওভারেই বালবার্নিকে ফিরিয়ে রানের চাকায় লাগাম টানেন আব্বাস আফ্রিদি। ৪১ বলে ৭৩ রান করা টাকারকে ফেরান ইমাদ ওয়াসিম।
এরপর আইরিশ ব্যাটাররা যাওয়া-আসার মিছিলে নামে। তাতে সংগ্রহ খুব বড় হয়নি।
রান তাড়া করতে নেমে পাকিস্তানের শুরুটা ভালো হয়নি। তৃতীয় ওভারে ১৪ রান করে ফেরেন সাইম আইয়ুব। তবে রিজওয়ান ও বাবরের ব্যাটে জয়ের পথে থাকে পাকিস্তান।
দুজনে গড়েন ১৩৯ রানের জুটি। ৩৮ বলে রিজওয়ান করেন ৫৬ রান। ৪২ বলে বাবর খেলেছেন ৭৫ রানের দুর্দান্ত ইনিংস। দুজনই বিদায় নিলেও ৬ বলে ১৮ রানে অপরাজিত থেকে বাকি কাজ সেরেছেন আজম খান। ফলে ৬ উইকেট ও ১৮ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান।