আফগানিস্তানের সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের সবচেয়ে বড় জয়ের রেকর্ডের সুযোগ ছিল। নবম উইকেটে বিলাল হাসান ও কসমাস কাইউতার ১০ রানের জুটিতে সেটি আর সম্ভব হয়নি। তবু গতকাল ১২৫ রানের বড় জয়ে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করেছেন রশিদ খানরা। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে আগে ব্যাট করে ৫ উইকেটে ১৮৩ রান করে আফগানরা।
লক্ষ্য তাড়ায় ফজল হক ফারুকির তোপে মাত্র ৫৮ রানে গুটিয়ে যায় প্রথমবার বিশ্বকাপ খেলতে নামা উগান্ডা।
বিশ্বকাপে অংশ নেওয়া, জাতীয় সংগীতের সঙ্গে গলা মেলানো—এসব যেন স্বপ্নের মতো উগান্ডার ক্রিকেটারদের কাছে। জিম্বাবুয়ে, কেনিয়াকে টপকে যেভাবে বিশ্বকাপে এসেছে, গতকাল তেমন আরেকটি অঘটনের আশায় টস জিতে আফগানদের ব্যাটিংয়ে পাঠায় তারা। রহমানউল্লাহ গুরবাজ (৭৬) ও ইব্রাহিম জাদরানের (৭০) ওপেনিং জুটি ১৪.৩ ওভারে তোলে ১৫৪ রানে।
তবু দারুণ বোলিংয়ে খেলায় ফেরে ব্রায়ান মাসাবার দল।
রশিদরা দুই শ টপকাতে না পারলেও ১৮৪ রানের লক্ষ্য পাহাড় সমান ছিল উগান্ডার সামনে। এই চাপের সঙ্গে যোগ হয় ফারুকির আগুনঝরা বোলিং। দুইবার হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগিয়েছিলেন এই বাঁহাতি পেসার।
হ্যাটট্রিক হয়নি, তবে ৪ ওভারে ৯ রানে ৫ উইকেট নিয়ে বিশ্বকাপে আফগানিস্তানের সেরা বোলিংয়ের রেকর্ড গড়েন ফারুকি। ক্রিকইনফো