রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইনস যুক্তরাষ্ট্রভিত্তিক উড়োজাহাজ নির্মাতা বোয়িংয়ের সঙ্গে বহুল আলোচিত উড়োজাহাজ ক্রয় চুক্তি করতে যাচ্ছে। এ চুক্তির সম্ভাব্য মূল্য প্রায় ৩৭০ কোটি মার্কিন ডলার, যা দেশের অ্যাভিয়েশন খাতে অন্যতম বড় বিনিয়োগ হিসেবে বিবেচিত হচ্ছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর একটি হোটেলে এই চুক্তি সইয়ের কথা রয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস সূত্রে জানা গেছে, চুক্তির আওতায় বিমান মোট ১৪টি নতুন উড়োজাহাজ কেনার পরিকল্পনা করেছে। এর মধ্যে রয়েছে ৮টি বোয়িং ৭৮৭-১০ ড্রিমলাইনার, ২টি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার এবং ৪টি বোয়িং ৭৩৭-৮ ম্যাক্স। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এই বহর সম্প্রসারণের মাধ্যমে বিমানের দীর্ঘপাল্লার রুটে সক্ষমতা বাড়বে এবং আঞ্চলিক রুটগুলোতেও কার্যক্রম আরও জোরদার করা যাবে।
উড়োজাহাজ বিক্রি নিয়ে দীর্ঘদিন ধরে বোয়িং ও এয়ারবাসের মধ্যে প্রতিযোগিতা চলছে। বিশেষ করে ২০২৩ সালে ইউরোপীয় কূটনৈতিক তৎপরতার পর এয়ারবাস কিছুটা এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত বোয়িংই চুক্তির দৌড়ে এগিয়ে যায়।