সোমবার, ২৫ মে ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন

কৃষি ব্যাংকের চেয়ারম্যান হলেন মোহাম্মদ নুরুল আমিন

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৪ টাইম ভিউ
কৃষি ব্যাংকের চেয়ারম্যান হলেন মোহাম্মদ নুরুল আমিন

বাংলাদেশ কৃষি ব্যাংকের (বিকেবি) চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন জ্যেষ্ঠ ব্যাংকার মোহাম্মদ নূরুল আমিন। রোববার (২৪ মে) অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ কৃষি ব্যাংক আদেশ ১৯৭৩ এর ৭ অনুচ্ছেদ অনুসারে মোহাম্মদ নূরুল আমিনকে বাংলাদেশ কৃষি ব্যাংক পরিচালনা পর্ষদের পরিচালক ও চেয়ারম্যান হিসাবে নিয়োগ দেওয়া হলো। তিনি যোগদানের তারিখ থেকে তিন বছর এ পদে নিযুক্ত থাকবেন। মোহাম্মদ নূরুল আমিন ৪৩ বছরেরও বেশি সময় ধরে দেশের ব্যাংক খাতের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তিনি এনসিসি ব্যাংক ও মেঘনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) দায়িত্ব পালন করেছেন।

২০২৪ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ ব্যাংক থেকে নুরুল আমিনকে গ্লোবাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদে নিযুক্ত করা হয়। একীভূত হয়ে সম্মিলিত ইসলামী ব্যাংকে রূপান্তরের আগ পর্যন্ত তিনি এ পদে দায়িত্ব পালন করেন। প্রথম ব্যাংক এমডি হিসেবে মোহাম্মদ নূরুল আমিন একাধারে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ লিমিটেড (এবিবি), বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা) ও প্রাইমারি ডিলারস বাংলাদেশ লিমিটেডের (পিডিবিএল) চেয়ারম্যান ছিলেন। ১৯৭৭ সালে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের হাত ধরে তার ব্যাংকার জীবনের সূচনা ঘটে।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে বিএ অনার্স ও মাস্টার্স সম্পন্ন করা মোহাম্মদ নূরুল আমিন দেশে ও বিদেশে ব্যাংকিং বিষয়ক বিভিন্ন কর্মশালায় অংশগ্রহণ করেছেন। অক্সফোর্ড ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ব্যাংকিং বিষয়ক সম্মানজনক ডিপ্লোমা ডিগ্রিও অর্জন করেছেন তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর