বুধবার, ২৭ মে ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন

গাজীপুরে ৩০ কিলোমিটার যানজট, ঈদযাত্রায় চরম ভোগান্তি

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ৭ টাইম ভিউ
গাজীপুরে ৩০ কিলোমিটার যানজট, ঈদযাত্রায় চরম ভোগান্তি

পবিত্র ঈদুল আজহা ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঘরমুখী মানুষের ব্যাপক চাপ সৃষ্টি হয়েছে। টানা বৃষ্টিপাতের কারণে ঈদযাত্রার দুর্ভোগ আরও কয়েকগুণ বেড়েছে। বর্তমানে গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রায় ৩০ থেকে ৪০ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) সকাল থেকেই জেলার জয়দেবপুর চৌরাস্তা, টঙ্গী, রাজেন্দ্রপুর, কোনাবাড়ী, গড়গড়িয়া মাস্টারবাড়ী, কালিয়াকৈর ও মাওনা এলাকার অধিকাংশ শিল্প-কারখানায় ছুটি ঘোষণা করা হয়। ছুটি পেয়ে লাখ লাখ শ্রমজীবী মানুষ পরিবার-পরিজন নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশে যাত্রা শুরু করেন।

সকাল থেকেই ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে থাকে। বিশেষ করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড়, কালিয়াকৈর, সফিপুর ও নবীনগর এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। অন্যদিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া, টঙ্গী বোর্ডবাজার, গাজীপুর চৌরাস্তা ও আবদুল্লাহপুর এলাকায় যানবাহনের ধীরগতি ও তীব্র চাপ দেখা গেছে। চন্দ্রা ত্রিমোড় এলাকায় নারী-পুরুষ ও শিশুদের ঘণ্টার পর ঘণ্টা বাসের জন্য অপেক্ষা করতে দেখা যায়। অনেক যাত্রী অভিযোগ করেন, পর্যাপ্ত যানবাহন না থাকায় ভোগান্তি চরমে পৌঁছেছে।

পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন, দুপুরের পর থেকে যাত্রী ও যানবাহনের চাপ আরও কয়েকগুণ বেড়েছে। সন্ধ্যার পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা, কোনাবাড়ী ও কালিয়াকৈর অংশে এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী ও গাজীপুর চৌরাস্তা এলাকায় তীব্র যানজটের আশঙ্কা রয়েছে।

এদিকে যাত্রীদের অভিযোগ, বৃষ্টি ও সড়কে ধীরগতির অজুহাতে অনেক পরিবহন চালক অতিরিক্ত ভাড়া আদায় করছেন। অতিরিক্ত ভাড়া এড়াতে অনেকে ট্রাক, পিকআপ ও পণ্যবাহী যানবাহনে করেই গন্তব্যে রওনা দিচ্ছেন।

এরআগে সোমবার গাজীপুরের প্রায় ৪০ শতাংশ শিল্প-কারখানা ছুটি ঘোষণা করলে রাতভর উত্তরাঞ্চলের ২৬ জেলার ঘরমুখী মানুষের চাপে মহাসড়কে ধীরগতি দেখা দেয়।

গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পুলিশ সুপার মো. আমজাদ হোসেন বলেন, “গতকাল প্রায় ৪০ শতাংশ কারখানা ছুটি হয়েছিল। আজ আরও প্রায় ৪৫ শতাংশ কারখানা ছুটি ঘোষণা করেছে। আগামীকালও কিছু কারখানায় ছুটি হবে। ফলে কয়েকদিন ধরেই মহাসড়কে ঘরমুখী মানুষের চাপ অব্যাহত থাকবে।”

প্রশাসনের পক্ষ থেকে মহাসড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন ও যান চলাচল স্বাভাবিক রাখতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হলেও ঈদযাত্রার চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর