লিওনেল মেসি চোট কাটিয়ে মাঠে ফিরেছেন। আইসল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে বদলি হিসেবে নেমে গোল করেন তিনি এবং দল ৩-০ গোলে জয় পায়। ম্যাচ শেষে আর্জেন্টিনার অধিনায়ক জানিয়েছেন, তাঁদের হারানো প্রতিপক্ষের জন্য কঠিন হবে।টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেন, ‘এ নিয়ে কোনো সন্দেহ রাখবেন না যে আমাদের হারানো প্রতিপক্ষদের জন্য অনেক কঠিন হতে যাচ্ছে। কারণ, আমরা খুবই প্রতিযোগিতামূলক দল।’
বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে এবারের বিশ্বকাপে খেলতে নামবে আর্জেন্টিনা। মেসি বলেন, ‘এই দলটা যা পেয়েছে, তা সবই প্রাপ্য। মানুষ নিশ্চিত থাকতে পারে আমরা সব সময়ের মতো নিজেদের উজাড় করে দেওয়ার চেষ্টা করব। কখনো সফল হব, কখনো হব না। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে আমরা ইতিবাচক ফল পেয়েছি। আমাদের ভাগ্যও ভালো ছিল। তবে এটি কঠিন এবং দিন দিন আরও কঠিন হয়ে উঠছে। তবে আমরা এতে অভ্যস্ত হয়ে গেছি, মানুষকেও অভ্যস্ত করে তুলেছি। আমরা এটার পুনরাবৃত্তি করার চেষ্টা করব।’
গত মাসে মেজর লিগ সকারে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ম্যাচে পেশিতে চোট পান মেসি। বিশ্বকাপের আগে এই চোট নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। আজ মাঠে নামায় সেই শঙ্কা অনেকটাই কেটে গেছে।মেসি বলেন, ‘আমি খুশি, প্রতিটি মুহূর্ত উপভোগ করছি এবং বরাবরের মতোই রোমাঞ্চিত। মাঠে নামার জন্য মুখিয়ে ছিলাম।’
বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে আর্জেন্টিনার হাতে আরও এক সপ্তাহ সময় রয়েছে। মেসি আশা করছেন, এই সময়ের মধ্যে দলের অন্য খেলোয়াড়রা পুরোপুরি ফিট হয়ে উঠবেন।