সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
লালমনিরহাটের কালীগঞ্জের কাকিনায় র‌্যাব-১৩ এর অভিযানে ১১কেজি গাঁজা সহ,গ্রেফতার ৪ নারী ‘আমাদের মূল লক্ষ্য ফাইনাল খেলা’ কুমিল্লায় বুড়িচং প্রেস ক্লাব’র নির্বাচন অনুষ্ঠিত; সভাপতি খোরশেদ, সম্পাদক বাবু, সাংগঠনিক সম্পাদক জাকির ওয়েব ফিল্মে নতুন রূপে মৌ খান, ‘শিকারি’তে রহস্যময় চরিত্রে ৬১-এ আমির, পর্দায় ২৫ বছরের তরুণ! ‘ললকারা’র জন্য শুরু শরীর বদলের প্রস্তুতি স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হওয়া উচিত? কী বলছে গবেষণা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি: নাহিদ ইসলাম দলীয় প্রতীক থাকবে না, স্থানীয় নির্বাচনে যোগ্য প্রার্থীকে সমর্থন দেবেন: রিজভী ইউটিউবকে চ্যালেঞ্জ জানাতে বিশ্ববাজারে আসছে বিলিবিলি আলোচিত নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল

‘আমাদের মূল লক্ষ্য ফাইনাল খেলা’

স্পোর্টস ডেক্স :
  • আপডেটের সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৯ টাইম ভিউ
ছবি সংগ্রহীত

এশিয়া কাপ ও এশিয়ান গেমস পরপর দুটি বড় আন্তর্জাতিক আসর সামনে রেখে ব্যস্ত সময়ের অপেক্ষায় বাংলাদেশ নারী ক্রিকেট দল। দুটি টুর্নামেন্টেই নিজেদের সামর্থ্যের সর্বোচ্চটা দিয়ে সাফল্য অর্জনের লক্ষ্য নিয়ে প্রস্তুত হচ্ছে নিগার সুলতানা জ্যোতির দল।

নারী এশিয়া কাপের ১০ম আসর শুরু হবে আগামী ২৮ আগস্ট সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৩ সেপ্টেম্বর। বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে। গ্রুপে তাদের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা, স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত ও ইন্দোনেশিয়া। বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে ৩১ আগস্ট ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে। এরপর ৬ সেপ্টেম্বর শ্রীলঙ্কা এবং ৮ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলবে তারা। এশিয়া কাপের পরই জাপানের আইচি-নাগোয়া অঞ্চলে বসবে ২০তম এশিয়ান গেমসের আসর। নারী ক্রিকেটে বাংলাদেশের কোয়ার্টার ফাইনাল ম্যাচ ১৭ সেপ্টেম্বর চীনের বিপক্ষে। এরপর সেমিফাইনাল ২০ সেপ্টেম্বর এবং ব্রোঞ্জ ও স্বর্ণপদকের ম্যাচ ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

দুটি টুর্নামেন্ট সামনে রেখে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের দলের লক্ষ্য তুলে ধরেছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। এশিয়া কাপ প্রসঙ্গে জ্যোতি বলেন, তাদের মূল লক্ষ্য এবার ফাইনাল খেলা। বারবার সেমিফাইনাল পর্যন্ত গিয়ে থেমে যাওয়ার যে অভিজ্ঞতা, এবার সেই বাধা ভাঙতে চান তারা। জ্যোতির ভাষায়, সেমিফাইনাল পার হয়ে ফাইনালে উঠতে পারলে শিরোপা জয়ের সুযোগ তৈরি হবে। তাই ধাপে ধাপে পরিকল্পনা করে এগোতে চান তারা।

বাংলাদেশ নারী দলের জন্য এশিয়া কাপে সেমিফাইনাল পর্বটি দীর্ঘদিন ধরেই বড় চ্যালেঞ্জ। ২০২৪ সালের আসরেও সেমিফাইনাল পর্যন্ত গিয়েছিল বাংলাদেশ। এবার সেই জায়গা পেরিয়ে প্রথমবারের মতো ফাইনালের মঞ্চে ওঠার প্রত্যয় অধিনায়কের।

অন্যদিকে এশিয়ান গেমস নিয়ে জ্যোতির লক্ষ্য আরও বড়। পদক জেতাকে প্রথম লক্ষ্য হিসেবে উল্লেখ করলেও স্বর্ণপদক জয়কেই সবচেয়ে বড় অর্জন হিসেবে দেখছেন বাংলাদেশ অধিনায়ক। জ্যোতি বলেন, গতবার বাংলাদেশ ব্রোঞ্জ পদক পেয়েছিল। এর আগে ২০১০ সালে রৌপ্য পদক জয়ের অভিজ্ঞতাও রয়েছে। তাই এবারও দেশের মানুষের প্রত্যাশা পূরণ করে একটি পদক নিয়ে ফিরতে চান তারা। আর সেটি যদি স্বর্ণ হয়, তাহলে তা হবে আরও বড় অর্জন।

এশিয়ান গেমসে বাংলাদেশের নারী ক্রিকেট দল সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে। র‌্যাঙ্কিংয়ের কারণে এই সুবিধা পেয়েছে তারা। কোয়ার্টার ফাইনালে চীনের বিপক্ষে জিতলে সেমিফাইনালে ভারত অথবা জাপানের মুখোমুখি হতে হবে বাংলাদেশকে। এদিকে এশিয়া কাপ ও এশিয়ান গেমস দুই টুর্নামেন্টের জন্য বাংলাদেশ একই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে দলে রয়েছেন সহ-অধিনায়ক নাহিদা আক্তার, দিলারা আক্তার, জুয়াইরিয়া ফেরদৌস, শারমিন আক্তার সুপ্তা, শারমিন সুলতানা, সোবহানা মোস্তারি, শর্না আক্তার, রিতু মনি, ফাহিমা খাতুন, রাবেয়া খান, মারুফা আক্তার, সুলতানা খাতুন, শানজিদা আক্তার মেঘলা ও ফারিহা ইসলাম তৃষ্ণা।

সব মিলিয়ে সামনে কঠিন ও ব্যস্ত সময়। এশিয়া কাপে সেমিফাইনালের দীর্ঘদিনের বাধা পেরিয়ে ফাইনালে ওঠা এবং এশিয়ান গেমসে পদক জয়ের লক্ষ্য দুটি স্বপ্ন নিয়েই মাঠে নামবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এখন সেই স্বপ্ন বাস্তবে রূপ দেওয়ার অপেক্ষা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর