বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব, যা জানাল পরিবার আগামী ১০ দিন রাজধানী ঢাকাসহ দেশের অধিকাংশ এলাকায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস ঢাকার আমিন বাজারের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি স্বাস্থ্যকর খাবারের আদর্শ প্লেট কেমন হওয়া উচিত,প্লেটের অর্ধেক ফল ও সবজি বিএসটিআই পরীক্ষায় নিম্নমান, বাজার থেকে ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিদ্যা সিনহা মিম এর নতুন সিনেমা ‘জীবন অপেরা’র শুটিং ও ডাবিং শেষ হয়েছে অপেক্ষা মুক্তির ৬ দফা দাবিতে ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ করবে ১১ দলীয় জোট দোহার-নবাবগঞ্জে এক দিনে দুই ঝুলন্ত মরদেহ উদ্ধার বগুড়ায় ইয়াবাসহ আটক উপজেলা ছাত্রদলের সহসভাপতি কারাগারে

ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব, যা জানাল পরিবার

বিনোদন ডেস্ক: 
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ১০ টাইম ভিউ
ছবি সংগ্রহীত

চিত্রনায়ক ও ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি তৈরি হয়েছে। তবে তাঁর মৃত্যুর খবর সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়েছে পরিবার। বর্তমানে যুক্তরাজ্যের লন্ডনে চিকিৎসাধীন এই অভিনেতা ভালো আছেন বলে নিশ্চিত করা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, নিয়মিত চিকিৎসা প্রক্রিয়ার অংশ হিসেবে বুধবার (২৬ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যায় ইলিয়াস কাঞ্চনের সিটি স্ক্যান ও এমআরআই করার কথা ছিল। এসব পরীক্ষার প্রতিবেদন পর্যালোচনা করে চিকিৎসকেরা তাঁর পরবর্তী চিকিৎসাপদ্ধতি নির্ধারণ করবেন। এ অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কোনো ধরনের বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার জন্য পরিবার দেশবাসী ও শুভানুধ্যায়ীদের প্রতি আহ্বান জানিয়েছে।

ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর মিথ্যা খবর ছড়িয়ে পড়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে তাঁর প্রতিষ্ঠিত সংগঠন ‘নিরাপদ সড়ক চাই’। সংগঠনটির কেন্দ্রীয় নেতৃত্ব এবং দেশের প্রায় ১২০টি শাখার পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে গুজবের উৎস শনাক্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

নিসচার মহাসচিব লিটন এরশাদ বলেন, ‘সবার আগে সংবাদ’ দেওয়ার প্রতিযোগিতা কখনোই সত্য ও দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প হতে পারে না। দ্রুত সংবাদ প্রকাশের চেয়ে সংবাদটি সত্য কি না, সেটি নিশ্চিত করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। মৃত্যু, দুর্ঘটনা কিংবা অসুস্থতার মতো স্পর্শকাতর বিষয়ে যাচাইহীন তথ্য প্রকাশ না করার আহ্বানও জানান তিনি।

সংগঠনটির নেতারা বলেন, জীবিত একজন মানুষের মৃত্যুর মিথ্যা খবর ছড়িয়ে পড়লে তাঁর পরিবার, স্বজন, সহকর্মী ও ভক্তদের মধ্যে অপ্রয়োজনীয় আতঙ্ক ও মানসিক বিপর্যয় তৈরি হতে পারে। তাই এ ধরনের সংবেদনশীল তথ্য প্রকাশের আগে পরিবার বা নির্ভরযোগ্য সূত্রের মাধ্যমে যাচাই করা জরুরি।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ব্রেন টিউমার ও ক্যানসারের চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করছেন ইলিয়াস কাঞ্চন। গত বছরের আগস্টে সেখানে তাঁর মস্তিষ্কে জটিল অস্ত্রোপচার করা হয়। পরবর্তীতে বিভিন্ন ধাপে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন তিনি।

চিকিৎসার মধ্যে সম্প্রতি প্রায় ১০ দিনের জন্য দেশে এসেছিলেন ইলিয়াস কাঞ্চন। এ সময় তিনি কিশোরগঞ্জের করিমগঞ্জে নিজের গ্রামের বাড়িতে গিয়ে পূর্বপুরুষদের কবর জিয়ারত করেন এবং নিসচার একটি কর্মসূচিতেও অংশ নেন। এরপর ১২ আগস্ট চিকিৎসার জন্য পুনরায় লন্ডনে ফিরে যান বলে সাম্প্রতিক প্রতিবেদনে জানানো হয়েছে।

এদিকে তাঁর মৃত্যুর গুজব নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্ত না হয়ে নির্ভরযোগ্য সংবাদমাধ্যম ও পরিবারের তথ্য অনুসরণ করার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্টরা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর