দেশে চলমান তীব্র বিদ্যুৎ ও জ্বালানি সংকট এবং সার্বিক আর্থ-সামাজিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিরসনে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন আহ্বানের দাবি জানিয়েছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ বিষয়ে অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের কাছে চিঠি দিয়েছেন তিনি। শুক্রবার (১৪ আগস্ট) জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অস্থায়ী রাষ্ট্রপতি বরাবর পাঠানো চিঠির অনুলিপি প্রধানমন্ত্রী ও সংসদ সচিবালয়েও পাঠানো হয়েছে।
চিঠিতে দেশের বর্তমান বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। এতে বলা হয়, দেশজুড়ে তীব্র বিদ্যুৎ সংকট বিরাজ করছে। লাগামহীন লোডশেডিংয়ের কারণে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। একই সঙ্গে শিল্প-উৎপাদন, ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। চিঠিতে আরও উল্লেখ করা হয়, বিদ্যুৎ ও জ্বালানি সংকটের প্রত্যক্ষ প্রভাবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। এর পাশাপাশি সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিও জনমনে অনিশ্চয়তা তৈরি করছে বলে দাবি করা হয়েছে।
বিরোধীদলীয় নেতা বলেন, জনগণের প্রতিনিধি হিসেবে বর্তমান সংকটময় পরিস্থিতিতে সংসদ সদস্যরা নীরব থাকতে পারেন না। দেশের উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় জাতীয় সংসদে অর্থবহ আলোচনা করা এবং সংকট সমাধানে কার্যকর ও দ্রুত পদক্ষেপ গ্রহণ করা জরুরি। চিঠিতে বিদ্যুৎ ও জ্বালানি সংকটসহ সংশ্লিষ্ট অন্যান্য সমস্যার দ্রুত সমাধানের লক্ষ্যে অবিলম্বে জাতীয় সংসদের একটি বিশেষ অধিবেশন আহ্বানের জন্য অস্থায়ী রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানানো হয়েছে।