টি-টোয়েন্টি বিশ্বকাপে পরপর দুই ম্যাচে হেরে সুপার এইটে ওঠার দরজা বন্ধ হয়ে গেছে শ্রীলঙ্কার। দক্ষিণ আফ্রিকার কাছে বিধ্বস্ত হওয়ার পর, হেরেছে বাংলাদেশের বিপক্ষেও। বাংলাদেশের কাছে দুই উইকেটে হেরে এবার বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার বেলায় সেই হার নিয়ে আক্ষেপ করে গেলেন ম্যাথুজ।
লঙ্কান অলরাউন্ডার বাংলাদেশের সাথে হার নিয়ে বলেন, ‘এটা (বাংলাদেশের কাছে হার) নিয়ে আক্ষেপ হচ্ছে আমাদের।
কারণ বিশ্বকাপের আগে যেভাবে আমরা আফগানিস্তান, জিম্বাবুয়ে ও বাংলাদেশের বিপক্ষে খেলেছি, তাতে আমার মনে হয় এই টুর্নামেন্টে আমরা নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে পারিনি।’
বিশ্বকাপের আগে ছন্দে ছিল শ্রীলঙ্কা। ঘরের মাটিতে আফগানিস্তানকে হারানোর পর বাংলাদেশের মাটিতে এসে টি-টোয়েন্টি সিরিজ জেতে তারা। কিন্তু বিশ্বকাপে এসে বদলে গেল এই চিত্র।
শেষ ম্যাচের খেলার আগেই টুর্নামেন্ট থেকে বাদ পড়ে তারা।
বিশ্বকাপে ব্যর্থতা নিয়ে ম্যাথুজ বলেন, ‘প্রথমত আমি মনে করি, বিশ্বকাপের ব্যর্থতায় আমরা পুরো দেশকে হতাশ করেছি এবং আমরা খুবই দুঃখিত। এমনটা প্রত্যাশা করিনি। আমরা অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি, সেগুলো নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।
তবে এটা দুর্ভাগ্যজনক যে, আমরা দ্বিতীয় রাউন্ডে উঠতে পারিনি।’
প্রথম দুই ম্যাচ হারের পরও কিছুটা আশা ছিল লঙ্কানদের। কিন্তু নেপালের বিপক্ষে ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেলে ভেস্তে যায় তাদের আশা। তাই সুপার এইটে উঠতে পারার ব্যর্থতা পুরো দেশকে হতাশ করেছে বলে মনে করেন ম্যাথুজ।
নেদারল্যান্ডসের বিপক্ষে আসরের শেষ ম্যাচটি খেলার আগে লঙ্কান অলরাউন্ডার বলেন, ‘বিশ্বকাপে আর এক ম্যাচ বাকি আছে এবং আমরা সেটা নিজেদের গর্বের জন্য খেলব।
আমরা নিজেদের প্রতি সুবিচার করতে পারিনি, বিশেষ করে প্রথম দুই ম্যাচে যেভাবে খেলেছি। তাই এটা খুবই দুঃখজনক। আমাদের হৃদয় ভেঙে গেছে এবং ভেতরে ভেতরে অনেক কষ্ট পাচ্ছি।’