বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় মিন্টু শেখ মিঠু (৪৫) নামে এক বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে একদল দুর্বৃত্তদের বিরুদ্ধে। সোমবার (১৮ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার হোগলাপাশা ইউনিয়নের বৌলপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তরা মিঠু শেখের ডান হাত কেটে নিয়ে উল্লাস করতে করতে চলে যায়।
নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুর রহমান। নিহত মিঠু শেখ উপজেলার হোগলাপাশা ইউনিয়নের বৌলপুর গ্রামের ওহেদ শেখের ছেলে। তিনি ইউনিয়ন বিএনপির ৯ নম্বর ওয়ার্ড কমিটির সদস্য ছিলেন।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় বাড়ির পাশের একটি কলাক্ষেতে কাজ শেষে বাড়ি ফিরছিলেন মিঠু শেখ। এ সময় জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে দুর্বৃত্তরা তার ওপর অতর্কিত হামলা চালায়। তারা এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর আহত করে। একপর্যায়ে তার ডান হাত কেটে নিয়ে উল্লাস করতে করতে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মিঠু শেখকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। নিহত মিঠু শেখের স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়ে রয়েছে।
মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান ইয়াদ বলেন, নিহত মিঠু হোগলাপাশা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য ছিলেন। আমরা এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করছি। এর আগে কয়েক বছর আগে দুর্বৃত্তরা মিঠুর চাচাতো ভাই মাস্টার গোলাম রসুলকেও হত্যা করেছিল।
মোরেলগঞ্জ থানার ওসি মো. মাহমুদুর রহমান জানান, খবর পেয়ে রাতেই পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হত্যাকারীদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।