ক্রিস্টিয়ানো রোনালদোর দেখানো পথ ধরে গত মৌসুমে ফুটবলের অনেক রথী মহারথীই সৌদি আরবে পাড়ি জমিয়েছেন। ফুটবলপ্রেমীদের নজর কাড়তেও সক্ষম হয়েছে দেশটির ক্লাব ফুটবল। গণমাধ্যমগুলোয় বেশ গুরুত্ব দিয়েই প্রচার করা হয়েছে সৌদি লিগের খবর। নতুন মৌসুমেও সৌদি লিগে বেশ কয়েকজন বড় তারকাকে দেখা যেতে পারে বলে গুঞ্জন চলছে।
সৌদি আরব ফুটবলের কোনো পরাশক্তি না হলেও দেশটির লিগ তারকাদের নজর কেড়েছে মূলত অর্থের ঝনঝনানির জন্য। লিগটিতে খেলে রোনালদো-নেইমাররা যে পরিমাণ আয় করছে তা চোখ কপালে তুলে দেয়। বিশ্বের আর কোনোখানেই ফুটবল খেলে এই পরিমাণ অর্থ এতো কম সময়ে আয় করা প্রায় অসম্ভব। ফলে ক্যারিয়ারের শেষ প্রান্তে থাকা তারকাদের তো বটেই, অনেক উঠতি তারকাকেও লিগটিতে নিয়ে আসতে সক্ষম হয়েছে তারা।