২১ মার্চ দিবাগত রাতে কুয়েতের আল আহমদ আন্তর্জাতিক স্টেডিয়ামে ফিলিস্তিনের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের প্রথম লেগের ম্যাচ মাঠে গড়াবে। এরপর ২৬ মার্চ কিংস অ্যারেনায় হবে ফিরতি লেগের ম্যাচ। এই দুটি ম্যাচকে সামনে রেখে গত ২ মার্চ থেকে সৌদির তাইফ শহরে ঘাটি গেড়েছিল ফুটবল দল।
দুই সপ্তাহের নিবিড় অনুশীলন শেষে আজ ম্যাচ ভেন্যু কুয়েত গেছেন জামাল-তপুরা।
এর মাঝে সুদানের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ দল। এর একটিতে ড্র এবং অন্যটিতে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ।
এরপরেও সৌদি আরবে দুই সপ্তাহের প্রস্তুতিতে সন্তুষ্টির কথাই বলছেন হাভিয়ের কাবরেরা,’প্রত্যাশা অনুযায়ী সৌদি আরবের ক্যাম্পে দারুণ অভিজ্ঞতা হয়েছে। এখানে প্রস্তুতি ক্যাম্প করার সুযোগ পেয়ে আমরা খুশি ছিলাম, গত বছরও আমরা এখানে ক্যাম্প করেছিলাম।
বছর জুড়ে যে ধারণা নিয়ে আমরা কাজ করছি, সেটার উন্নতির জন্য এখানকার সুযোগ সুবিধা ভালো। নতুন খেলোয়াড়দের জন্য এ বছরের ভিত তৈরি করে দেবে এখানকার ক্যাম্প।’
ম্যাচের আগে আর মাত্র তিন দিন পাচ্ছেন হাভিয়ের কাবরেরা। এর মাঝেই পরিকল্পনা গুছিয়ে ফেলতে হবে এই স্প্যানিয়ার্ডকে। র্যাংকিংয়ে ফিলিস্তিন আছে ৯৭ নম্বরে।