আরো দুই রাউন্ড আগেই আবাহনীর শিরোপা নিশ্চিত হয়ে যাওয়ায় ঢাকা প্রিমিয়ার লিগের বাকি ম্যাচগুলো পরিণত হয়েছিল স্রেফ আনুষ্ঠানিকতায়। তেমনই এক ম্যাচে আজ নতুন এক রেকর্ড গড়ে ফেললেন রেজাউর রহমান রাজা। ৮ উইকেট নিয়ে এই পেসার গড়েছেন ‘লিস্ট এ’ ক্রিকেটে কোনো বাংলাদেশির সেরা বোলিংয়ের কীর্তি।
এক ম্যাচে ৮ উইকেট নেওয়ার সাফল্য আছে ইয়াসিন আরাফাতেরও।
২০১৮ সালের ঢাকা প্রিমিয়ার লিগে গাজী গ্রুপ ক্রিকেটার্সের এই পেসার আবাহনীর বিপক্ষে ৪০ রান খরচায় ধরেছিলেন ৮ শিকার। এত দিন সেটিই ‘লিস্ট এ’ ক্রিকেটে কোনো বাংলাদেশির সেরা বোলিং ছিল। আজ তাকে ছাড়িয়ে নতুন রেকর্ড গড়লেন রাজা। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে শেখ জামালের বিপক্ষে ৮ উইকেট নিতে তাঁর খরচ ইয়াসিনের চেয়েও অনেক কম, মাত্র ২৩ রান।
যা ‘লিস্ট এ’ ক্রিকেটে বাংলাদেশি বোলারদের সেরা পারফরম্যান্সের তালিকার এক নম্বরে তুলে দিয়েছে রাজাকে।