বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতের ভিসা প্রাপ্তি সহজতর হওয়া এবং বর্তমান স্থবিরতা কাটিয়ে শিগগিরই তা স্বাভাবিক হওয়ার সুখবর দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। প্রতিবেশী এই রাষ্ট্রের সঙ্গে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করতে সরকারের পক্ষ থেকে নানামুখী তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় সংসদে কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য শেখ মজিবুর ইকবালের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সৌহার্দ্য, বন্ধুত্ব ও সহযোগিতার ভিত্তিতে গড়ে উঠেছে। অভিন্ন ইতিহাস, সাংস্কৃতিক বন্ধন এবং জনগণের পারস্পরিক সম্পর্ক এই সহযোগিতাকে আরও দৃঢ় করেছে।
তিনি আরও জানান, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই পারস্পরিক সম্মান, সমতা ও ন্যায্যতার ভিত্তিতে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে কাজ করছে। ভিসা সংক্রান্ত জটিলতা নিরসনের বিষয়ে তিনি সংসদকে জানান, ভারতসহ সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও আলোচনা চলছে। সম্প্রতি ভারতের পররাষ্ট্রমন্ত্রী, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠকে বাংলাদেশি নাগরিকদের ভ্রমণ ও ব্যবসায়িক ভিসা প্রক্রিয়া স্বাভাবিক করার বিষয়ে আলোচনা হয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, এসব আলোচনার ফলেই খুব দ্রুত ভিসা প্রক্রিয়ায় ইতিবাচক পরিবর্তন আসবে এবং সাধারণ মানুষের ভোগান্তি কমবে।