সৌদি আরব সরকারের নির্ধারিত হজ ব্যবস্থাপনার রোডম্যাপ অনুযায়ী আগামীকাল শুক্রবার রাতে শুরু হচ্ছে হজযাত্রা। এদিন রাত ১১টা ৩৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই হজ ফ্লাইট কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ধর্ম মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। এ উপলক্ষে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে চলছে সবশেষ প্রস্তুতি।
ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, উদ্বোধনের পর প্রথম হজ ফ্লাইটটি ১৮ এপ্রিল রাত ১২টা ২০ মিনিটে ৪১৯ জন হজযাত্রী নিয়ে সৌদি আরবের জেদ্দাস্থ কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যাবে।হজ ফ্লাইটের প্রথম দিনে মোট ১৪টি ফ্লাইট পরিচালিত হবে। এর মধ্যে ছয়টি পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস, চারটি সৌদি আরবের রাষ্ট্রীয় বিমান সংস্থা সাউদিয়া এবং বাকি ৪টি পরিচালনা করবে ফ্লাইনাস এয়ারলাইনস।
ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়- এদিন মোট ১৪টি ফ্লাইট রয়েছে, যার মধ্যে ছয়টি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, তিনটি সৌদি আরবের সাউদিয়া ও তিনটি ফ্লাইনাস এয়ারলাইন্স পরিবহণ করবে।
২০২৬ সালে বাংলাদেশ থেকে ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী পবিত্র হজ পালন করবেন। এর মধ্যে সরকারি মাধ্যমে ৪ হাজার ৫৬৫ জন এবং হজ এজেন্সির মাধ্যমে ৭৩ হাজার ৯৩৫ জন হজ পালনের জন্য যাবেন। এরই মধ্যে সৌদি আরব পৌঁছেছে ১৭১ জনের মেডিকেল টিম।
এবার প্রত্যেক হজযাত্রীর জন্য ‘নুসুক কার্ড’ বাধ্যতামূলক, যে ডিজিটাল আইডেন্টিফিকেশনে সৌদি আরবে সব সেবা পাবেন হজযাত্রীরা। বেসরকারি ব্যবস্থাপনায় যাওয়া প্রত্যেক হজযাত্রী সেই কার্ড দেশেই পাচ্ছেন। তবে সরকারি ব্যবস্থাপনার যাত্রীরা নুসুক কার্ড নেবেন হোটেল লবিতে গিয়ে।
সৌদি আরবের সঙ্গে স্বাক্ষরিত হজচুক্তি অনুসারে, মোট হজযাত্রীর শতকরা ৫০ ভাগ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিবহণ করবে। বাকি ৫০ ভাগের মধ্যে সৌদি আরবের সাউদিয়া শতকরা ৩৫ ভাগ ও ফ্লাইনাস ১৫ ভাগ হজযাত্রী পরিবহণ করবে।
২১ মে প্রি-হজ ফ্লাইট শেষ হবে। প্রি-হজ ফ্লাইট ২০৭টি যার মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১০২টি, সাউদিয়ার ৭৫টি ও ফ্লাইনাস ৩০টি ফ্লাইট পরিচালনা করবে। চাঁদ দেখা সাপেক্ষে ২৬ মে ২০২৬ পবিত্র হজ অনুষ্ঠিত হবে। হজের আনুষ্ঠানিকতা শেষে ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে এবং ১ জুলাই শেষ হবে।