শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জামায়াত আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করছে কি না, প্রশ্ন আবদুস সালামের রুহুল কবির রিজভীর নামে ভুয়া ফেসবুক আইডি থানায় জিডি নেপালে আরও ২ হ্রদে জমছে পানি, নতুন করে বন্যার ঝুঁকি মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের আরও ৩১২ এজেন্সি রংপুরে ৪ খুনের ঘটনায় সব তথ্যই গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে: আরপিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে ৫ শিশুর মৃত্যু নেপালের বন্যায় আনুমানিক ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত : রেড ক্রস নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮ নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী ‘বাবাকে নির্লজ্জভাবে মেরে ফেলার চেষ্টা চলছে’: ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড়

সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত: আত্রাইয়ে একসঙ্গে সাতজনের জানাজা

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ৮ টাইম ভিউ
সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত: আত্রাইয়ে একসঙ্গে সাতজনের জানাজা
ছবি-সংগৃহীত

সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে নওগাঁর আত্রাই উপজেলার সাত প্রবাসীর জানাজা একসঙ্গে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) সকাল ১০টায় উপজেলা সদরের মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত এই জানাজায় সংসদ সদস্য, জেলা প্রশাসকসহ স্বজন ও সর্বস্তরের শত শত মানুষ অংশ নেন। জানাজা শুরুর আগে একে একে নিহত সাতজনের খাটিয়া পাশাপাশি রাখা হয়।

পরে উপজেলার গণ্ডগোহালী গ্রামের নিহত সহোদর মোহন ও সুমনের বাবা গুফফার প্রামাণিক বলেন, সৌদি আরবের রিয়াদে অগ্নিকাণ্ডে আমার দুই ছেলে একসঙ্গে চলে গেছে। এটাই হয়তো আল্লাহর ফয়সালা। আপনারা সবাই দোয়া করবেন, তাদের ক্ষমা করে দেবেন।তিনি বলেন, ধার-দেনা করে দুই সন্তানকে বিদেশে পাঠিয়েছিলাম। এখন দেনা পরিষদ করব কিভাবে। তার আকুতি আর উপস্থিত মানুষের কান্নায় ভারী হয়ে ওঠে সেখানকার পরিবেশ।

জানাজায় ইমামতি করেন বগুড়ার সান্তাহার জামিয়া আরাবিয়া মাদ্রাসার মুহাদ্দেস মুফতি রুহুল আমিন। উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই ও রাণীনগর) আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম, নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান প্রমুখ। জানাজা শেষে মরদেহগুলো নিহতদের নিজ নিজ গ্রামে নিয়ে যাওয়া হয়।

গন্ডগোহালী গ্রামের চারজনের জানাজা পুনরায় বিকাল ৩টায় নিজ গ্রামে অনুষ্ঠিত হয়।পরে একই কবরস্থানে সারিবদ্ধভাবে খোঁড়া কবরে তাদের দাফন করা হয়। গত ৯ আগস্ট সৌদি আরবের রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি শ্রমিক নিহত হন। পরে সৌদি কর্তৃপক্ষের ফিঙ্গারপ্রিন্ট বা আঙুলের ছাপ পরীক্ষার মাধ্যমে নয়জনের পরিচয় নিশ্চিত করা হয়।

তাদের মধ্যে সাতজনই আত্রাই উপজেলার বাসিন্দা। তারা হলেন, গণ্ডগোহালী গ্রামের মোহন আলী ও তার ছোট ভাই সুমন আলী, একই গ্রামের রুবেল প্রামাণিক ও কলিমউদ্দিন ইসলাম, উদনপৈ গ্রামের মো. ফরিদ, ডুবাই গ্রামের সোহেল রানা এবং পারকাসুন্দা গ্রামের আব্দুল জলিল সরকার।

এছাড়া নাটোরের নলডাঙ্গা উপজেলার মহিষডাঙ্গা গ্রামের রবিউল ইসলাম এবং রাজশাহীর বাগমারা উপজেলার মরুগ্রাম ডাঙ্গাপাড়া গ্রামের শ্যামল উদ্দীনের পরিচয় শনাক্ত হয়েছে।

এ নয়জনের মরদেহ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। পরিচয় শনাক্ত না হওয়ায় বাকি সাতজনের মরদেহ কবে দেশে ফিরবে, তা এখনো অনিশ্চিত। তাঁদের মরদেহ দ্রুত শনাক্ত করে দেশে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন স্বজনেরা।

আত্রাই উপজেলার মধ্যবোয়ালী গ্রামের নিহত মিনহাজের মা পারুল বিবি বলেন, হামার ছাওয়ালের লাশ নাকি শনাক্ত হয়নি। এজন্য পরে আসবে। সরকারের কাছে হামার আবদার, হামার ছেলের লাশ যেন দ্রুত নিয়ে আসে। হামার তো সব শেষ হয়ে গেছে।

গন্ডগোহালী গ্রামের নিহত রুবেল প্রামাণিকের স্ত্রী আঁখি বেগম বলেন, আমার এক মাসের বাচ্চাকে রেখে ওর বাবা চলে গেল। সুখের মুখ না দেখতেই আমার জীবনে অন্ধকার নেমে এল। তিনি রিয়াদের ওই সোফা কারখানার অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তের দাবি করেন। একই সাথে তিনি নিহত সবার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর