প্রায় ৬ মাস পর পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে ভারত। এ বিষয়ে আগামী দুই-এক দিনের মধ্যে নির্দেশনা জারি হবে। সেক্ষেত্রে এর পরই হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হতে পারে বলে বন্দরের আমদানিকারকরা জানিয়েছেন।হিলির আমদানিকারক হারুন উর রশীদ হারুন জানান, ভারতে এ বছর প্রচুর উৎপাদন হওয়ায় দেশটির বাজারে পেঁয়াজের সংকট কেটে গেছে। ফলে পণ্যটি রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ভারত। গত বুধবার ভারতের দিল্লিতে কৃষি, খাদ্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বৈঠক শেষে দেশটির খাদ্যমন্ত্রী পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন।
তিনি আরও জানান, এদিন রাতেই ভারতীয় রপ্তানিকারকরা বাংলাদেশের ব্যবসায়ীদের বিষয়টি জানান। তবে এটি এখনো নির্দেশনা আকারে প্রকাশ করা হয়নি। এ বিষয়ে জারি করা নির্দেশনায় প্রতি টন পেঁয়াজের রপ্তানিমূল্য নির্ধারণ করে দেওয়া হবে। আগামী রবিবার বা সোমবার থেকে হিলিসহ দেশের সব বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হতে পারে। আমদানি শুরু হলে দেশে পেঁয়াজের দাম স্বাভাবিক পর্যায়ে আসবে বলে হারুন উর রশীদ হারুন জানিয়েছেন। এক্ষেত্রে প্রতি কেজি পেঁয়াজের দাম ৩০-৩৫ টাকায় নামতে পারে।