রাজধানীসহ দেশের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল ও ছাত্রশিবিরের দফায় দফায় সংঘর্ষ চলার মধ্যে ছাত্রলীগের সঙ্গে তুলনা করে ছাত্রদলকে নিয়ে হুঁশিয়ারি দিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
ফেইসবুকে তিনি লিখেছেন, ছাত্রদল যত তাড়াতাড়ি ছাত্রলীগ হবে, তাদের পরিণতি তত তাড়াতাড়ি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে।মঙ্গলবার (৪ আগস্ট) বিকাল ৩টার দিকে সারজিস এই পোস্ট করেন। সেসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, সরকারি আলিয়া মাদ্রাসায় ছাত্রদলের সঙ্গে ছাত্রশিবিরের উত্তেজনা ও সংঘর্ষ চলছিল। ঢাকার বাইরে রংপুরেও ছাত্রদল-শিবিরের সংঘর্ষের খবর পাওয়া গেছে।
দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে দুই দফা সংঘর্ষ হয়। পরে ঢাকা কলেজেও এ দুই ছাত্রসংগঠনের মধ্যে মারামারি হয়। এরপর বিকাল ৫টার দিকে বকশীবাজারে আলিয়া মাদ্রাসায় ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছে বেশ কয়েকজন।
ঢাকা কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব মিলাদ হোসেন বলেন, শিবিরের হামলায় ছাত্রদলের ১১ জন আহত হয়েছেন। ঢাকা কলেজের সামনে ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা ককটেল বিস্ফোরণ করে।
তবে ছাত্রদলের হামলার ঘটনা অস্বীকার করে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম ফরহাদ বলেন, আজকে শহীদদের জন্য পূর্বঘোষিত দোয়া মাহফিল ছিল। সেখানে ছাত্রশিবিরের নেতাকর্মীদেরকে ছাত্রদল হামলা করে। এতে আমাদের অনেকে আহত হয়েছেন।