এই প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী সানিয়া সুলতানা লিজা নতুন মৌলিক গান নিয়ে আবারও শ্রোতাদের কাছে ফিরছেন। ‘তুমি বিহন’ শিরোনামের গানটি শিগগিরই তার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে। ভালোবাসার অপেক্ষা, অভিমান এবং অপূর্ণতার আবেগকে কেন্দ্র করে নির্মিত এই গান নিয়ে বেশ আশাবাদী শিল্পী।
‘তুমি বিহন’ গানের কথা ও সুর করেছেন জিসান খান শুভ। গানটির সঙ্গীতায়োজন করেছেন আদিব শংকর এবং মিউজিক ভিডিও নির্মাণ করেছেন রাজ বিশ্বাস শংকর। গানটির কথা, সুর এবং ভিডিও—সবকিছু মিলিয়ে এটি শ্রোতাদের ভালো লাগবে বলেই বিশ্বাস করছেন লিজা।
নতুন গান প্রসঙ্গে লিজা বলেন, ভালোবাসার অপেক্ষা, অভিমান আর না পাওয়ার অনুভূতিকে কেন্দ্র করেই ‘তুমি বিহন’ তৈরি হয়েছে। গানের কথা ও সুর তার কাছে খুবই ভালো লেগেছে। একই সঙ্গে মিউজিক ভিডিওটিও দর্শকদের আকৃষ্ট করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
একটি জনপ্রিয় রিয়েলিটি শোর মাধ্যমে সংগীতাঙ্গনে যাত্রা শুরু করেন লিজা। এরপর ধারাবাহিকভাবে একাধিক মৌলিক গান প্রকাশ করে তিনি শ্রোতাদের ভালোবাসা অর্জন করেন। তার প্রথম মৌলিক গান ছিল ‘ভুল করে যদি কখনো’। পরবর্তীতে প্রকাশিত ‘তোমার রোদেলা আকাশে’সহ বেশ কয়েকটি গানও দর্শক-শ্রোতাদের মধ্যে প্রশংসিত হয়েছে।
বর্তমানে স্টেজ শো এবং পারিবারিক জীবন—দুই দিকই সমান গুরুত্ব দিচ্ছেন এই শিল্পী। বিশেষ করে একমাত্র কন্যার সঙ্গে সময় কাটানোর পাশাপাশি নির্বাচিত টেলিভিশন অনুষ্ঠানে অংশ নিচ্ছেন তিনি। তবে দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির কারণে আগের তুলনায় স্টেজ শোর সংখ্যা কমে যাওয়ায় সংগীতশিল্পীদের মধ্যে কিছুটা উদ্বেগ রয়েছে। তবুও লিজাসহ সংগীত সংশ্লিষ্টদের প্রত্যাশা, পরিস্থিতির উন্নতির সঙ্গে সঙ্গে আবারও প্রাণ ফিরে পাবে দেশের সংগীতাঙ্গন এবং নতুন উদ্যমে বাড়বে লাইভ সংগীতানুষ্ঠানের আয়োজন।