শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দেওয়ার কারণ জানালেন রুমিন ফারহানা

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ৫ টাইম ভিউ
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দেওয়ার কারণ জানালেন রুমিন ফারহানা
ছবি-সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনকে ‘অর্থহীন’ ও ‘প্রহসন’ আখ্যা দিয়ে ভোটদান থেকে বিরত থাকার কারণ জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। বৃহস্পতিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামে নিজ বাসভবনে সাংবাদিকদের কাছে তিনি ভোট না দেওয়ার কারণ ব্যাখ্যা করেন।

রুমিন ফারহানা বলেন, “আমার কাছে রাষ্ট্রপতি নির্বাচনকে অর্থহীন মনে হয়েছে। কারণ, ভোটে কোনো অনিশ্চয়তা না থাকলে সেটি প্রকৃত নির্বাচন হতে পারে না। এই ভোটের ফলাফল আগেই নির্ধারিত। তাই এটিকে নির্বাচন না বলে একধরনের মনোনয়ন বলা চলে।”

ভোট না দেওয়ার দ্বিতীয় কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, একটি বড় গণ-অভ্যুত্থানের পর জাতির অনেক স্বপ্ন ও আত্মত্যাগ জড়িয়ে ছিল। এমন পরিস্থিতিতে সবাই মিলে একজন অরাজনৈতিক ও সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তিকে রাষ্ট্রপ্রধান হিসেবে বেছে নেওয়া যেত কি না, সেই প্রশ্নও তিনি তোলেন।

নিজের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হিসেবে সংবিধানের ৭০ অনুচ্ছেদের বিষয়টি তুলে ধরেন রুমিন ফারহানা। তিনি বলেন, ভোটের আগে সংবিধানের ৭০ অনুচ্ছেদের বিষয়টি সামনে নিয়ে আসা হয়েছে। এমন পরিস্থিতিতে রাষ্ট্রপতি নির্বাচনের এই প্রক্রিয়ায় অংশ নেওয়া ‘প্রহসন ছাড়া কিছু নয়’।

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্তে নিজের কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, যেসব নির্বাচনের ফলাফল আগে থেকেই নির্ধারিত থাকে, সেখানে ভোট দেওয়ার কোনো গণতান্ত্রিক যৌক্তিকতা তিনি দেখেন না।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর