সোমবার, ২২ জুন ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
এনসিপির সংসদ সদস্য হান্নান মাসউদের বক্তব্য ঘিরে সংসদে বিতর্ক কুয়ালালামপুরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত না ফেরার দেশে কুমিল্লা-২ আসনের সাবেক এমপি সেলিমা আহমেদ মেরী ‘ব্যাচেলর পয়েন্ট’ এ দেখা যাবে ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই লেবাননে যুদ্ধবিরতি ও তেলের ছাড়পত্র না দিলে হরমুজ প্রণালি খুলবে না: ইরান মালয়েশিয়ার কারাগারে থাকা বাংলাদেশিদের মুক্ত করতে চেষ্টা চালাবো: প্রধানমন্ত্রী নৃশংসভাবে খুন হওয়া নাজমুলের পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ চাঁদাবাজির মামলায় এনসিপির নেতাসহ আটক ২ চাঁদাবাজির অভিযোগ: এমপিপুত্র সজীবকে জিজ্ঞাসাবাদ করছে ডিবি

আমরা জোর করে নারীকে বোরকা পরাবো না: জামায়াতে আমীর

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ৮১ টাইম ভিউ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, এ দেশে আমাদের মায়েরা ইজ্জতের সঙ্গে ও নিরাপত্তার সঙ্গে কর্মক্ষেত্রে কাজ করবে। আমরা জোর করে নারীকে বোরকা পরাবো না। এ সমাজে অনেক অমুসলিমও আছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে রংপুরের মিঠাপুকুর কলেজ মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াতের আমির বলেন, আওয়ামী লীগ বলেছিল জামায়াত ক্ষমতায় গেলে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানদের কচুকাটা করবে। কী মিথ্যা প্রচারণা তাদের। কেন আমরা তাদের কচুকাটা করব? তাদেরকে কচুকাটা করার জামায়াত কে? বরং আওয়ামী লীগ ৫৩টি বছর সংখ্যালঘুদের সবচেয়ে বেশি ক্ষতি করেছে। আমি আল্লাহর উপর ভরসা করে বলতে চাই, যতই ষড়যন্ত্র হোক, সংখ্যালঘুদের জন্য সবার আগে জামায়াতে ইসলামী সহযোগিতা করবে।

ডা. শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগ দেশের মালিক বনে গিয়েছিল। আর দেশের মানুষকে ভাড়াটিয়া মনে করেছিল, যার কারণে ৫৭ জন সেনা অফিসারকে হত্যা ও হেফাজতে ইসলামের ওপর নারকীয় হত্যাকাণ্ডের পর জামায়াতের ওপর হাত দিয়েছিল।

তিনি বলেন, আ.লীগ মানুষকে সম্মান দিতে শিখেনি। খালেদা জিয়ার মতো একজন প্রবীণ মানুষকেও তারা জেলে রেখেছিল। শহিদ আবু সাঈদকে গুলি করা হয়েছে। তার প্রত্যেক ফোঁটা রক্ত কথা বলছে। যুবকরা রাস্তায় নেমেছে, বলেছে ‘বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর’, তাদের পথ ধরে রাস্তায় নেমেছিল লাখ লাখ যুবক-যুবতী।

জামায়াতে ইসলামীর আমির বলেন, বিচারের আসনে বসে তারা রাজনীতি চর্চা করেছে। সাঈদী সাহেবকে (দেলাওয়ার হোসাইন সাঈদী) উদ্দেশ্য করেও কালা মানিক (বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক) হুংকার দিয়েছিলেন। শেষমেষ নিজে ভারত পালাতে গিয়ে ধরা পড়লেন। আমাদের কোনো দিদিবাড়ি নাই, মামাবাড়ি নাই। পালানোর প্রয়োজন নাই।

তিনি বলেন, ১৫ বছরে আওয়ামী লীগ ২৬ লাখ কোটি টাকা পাচার করেছে, যা বাংলাদেশের বার্ষিক বাজেটের ৫ গুণ। আমরা এমন এক দেশ চাই যে দেশে কোনো ভেদাভেদ থাকবে না। দুর্নীতি-টেন্ডারবাজি থাকবে না। এই সমাজের প্রত্যেকটি মানুষ প্রত্যেককে সম্মান করবে।

তিনি আরো বলেন, আমরা আমাদের মজলুম নেতাকর্মী এবং দেশবাসীকে আহ্বান করে বলেছিলাম, দুঃখ-কষ্ট বুকে চাপা রেখে সংখ্যালঘুদের পাশে দাঁড়ান। দেশকে রক্ষা করুন। ইনশাআল্লাহ, দেশবাসী দেশপ্রেমের পরিচয় দিয়েছেন। ইনশাল্লাহ, এই দেশ সামনে এগিয়ে যাবে আর কেউ রশি দিয়ে পেছনে আটকে রাখতে পারবে না।

মিঠাপুকুর উপজেলা জামায়াতের আমির আসাদুজ্জামান শিমুলের সভাপতিত্বে পথসভায় আরো বক্তব্য দেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা আব্দুল্লাহ হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, রংপুর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রব্বানী, রংপুর মহানগর জামায়াতের আমির এটিএম আজম খান, জেলা সেক্রেটারি মাওলানা এনামুল হক প্রমুখ।

এর আগে, জামায়াতের আমির পীরগঞ্জ উপজেলা জামায়াত আয়োজিত পথসভা এবং গাইবান্ধায় জেলা জামায়াত আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য দেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর