সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম :
সুইজারল্যান্ডের জেনেভায় ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি স্বাক্ষর, আয়োজক পাকিস্তান: শেহবাজ শরিফ প্রতারণা মামলায় তৌহিদ আফ্রিদিকে ফের গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি মমতাজ বেগম তিন মামলায় হাইকোর্টের জামিন পেলেন বেনজীরের বিরুদ্ধে ট্রাইব্যুনালে ১০ মামলা, ফিরিয়ে আনতে কাজ শুরু করেছে রাষ্ট্রপক্ষ মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু দিল্লি বিমানবন্দরে উপদেষ্টা ডা. জাহেদকে হেনস্থার ঘটনায় সংসদে ক্ষোভ বাংলাদেশের জাতীয় মর্যাদা ক্ষুণ্ণের ঘটনায় ভারত সরকারের ব্যাখ্যা দাবি, ভারতীয় হাইকমিশনারকে তলবের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলাদেশের জাতীয় মর্যাদা ক্ষুণ্ণের ঘটনায় ভারত সরকারের ব্যাখ্যা দাবি, ভারতীয় হাইকমিশনারকে তলবের আহ্বান

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ২৯ টাইম ভিউ
বাংলাদেশের জাতীয় মর্যাদা ক্ষুণ্ণের ঘটনায় ভারত সরকারের ব্যাখ্যা দাবি, ভারতীয় হাইকমিশনারকে তলবের আহ্বান

বাংলাদেশ জাস্টিস পার্টি ভারতের একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের উদ্দেশ্যে সফরকালে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সঙ্গে ভারতের বিমানবন্দরে সংঘটিত অসৌজন্যমূলক ও মর্যাদাহানিকর আচরণের ঘটনায় তীব্র নিন্দা ও কঠোর প্রতিবাদ জানাচ্ছে।

বাংলাদেশ জাস্টিস পার্টি স্পষ্টভাবে ঘোষণা করছে যে, একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের উচ্চপর্যায়ের প্রতিনিধির সঙ্গে এ ধরনের আচরণ কেবল একজন ব্যক্তির প্রতি অসম্মান নয়; বরং এটি বাংলাদেশের জাতীয় মর্যাদা, রাষ্ট্রীয় সম্মান এবং সমগ্র জাতির আত্মমর্যাদার প্রতি অবজ্ঞার বহিঃপ্রকাশ। এই ঘটনা বাংলাদেশের জনগণের ন্যায়সঙ্গত ক্ষোভ ও উদ্বেগের জন্ম দিয়েছে।

বাংলাদেশ জাস্টিস পার্টি ডা. জাহেদ উর রহমানের সম্মেলন বর্জন এবং তাৎক্ষণিকভাবে দেশে প্রত্যাবর্তনের সিদ্ধান্তকে জাতীয় মর্যাদা রক্ষায় একটি সাহসী, সময়োপযোগী ও দেশপ্রেমিক পদক্ষেপ হিসেবে অভিহিত করছে এবং তাঁর এই দৃঢ় অবস্থানের প্রতি পূর্ণ সমর্থন ও স্যালুট জানাচ্ছে।

বাংলাদেশ জাস্টিস পার্টি স্পষ্টভাবে ঘোষণা করছে যে, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক অবশ্যই সমতা, পারস্পরিক সম্মান, সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা এবং অভিন্ন স্বার্থের ভিত্তিতে পরিচালিত হতে হবে। প্রভু ও দাসের সম্পর্কের মানসিকতা, বড় ও ছোট রাষ্ট্রের দৃষ্টিভঙ্গি কিংবা একতরফা আধিপত্য বিস্তারের প্রবণতা আধুনিক আন্তর্জাতিক সম্পর্কের পরিপন্থী এবং বাংলাদেশের জনগণ তা কখনো মেনে নেবে না।

বাংলাদেশ জাস্টিস পার্টি ভারত সরকারের কাছে এ ঘটনার পূর্ণাঙ্গ ব্যাখ্যা এবং আনুষ্ঠানিক অবস্থান অবিলম্বে প্রকাশের দাবি করছে। একই সঙ্গে ভবিষ্যতে বাংলাদেশের কোনো প্রতিনিধি, কূটনীতিক বা নাগরিকের সঙ্গে এ ধরনের আচরণের পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণেরও দাবি জানাচ্ছে।

বাংলাদেশ জাস্টিস পার্টি দাবি করছে যে, বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনারকে অবিলম্বে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে এই ঘটনার বিষয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যা চাওয়া হোক। একই সঙ্গে সম্প্রতি বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের বিভিন্ন বক্তব্যে জনমনে যে প্রশ্ন ও উদ্বেগের সৃষ্টি হয়েছে, সে সম্পর্কেও সুস্পষ্ট ব্যাখ্যা ও জবাবদিহিতা নিশ্চিত করা হোক।

বাংলাদেশ জাস্টিস পার্টি জোর দিয়ে বলছে যে, বাংলাদেশের জাতীয় মর্যাদা, সার্বভৌমত্ব ও কূটনৈতিক সম্মানের প্রশ্নে কোনো ধরনের অস্পষ্টতা, দুর্বলতা কিংবা নীরবতা গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দৃঢ়, মর্যাদাপূর্ণ এবং জাতীয় স্বার্থসম্মত পদক্ষেপ গ্রহণ করা উচিত।

বাংলাদেশ জাস্টিস পার্টি দাবি করছে যে, দিল্লির সাউথ ব্লককে স্পষ্টভাবে বুঝে নিতে হবে—বাংলাদেশ আজ আর কারও প্রভাব বলয়ের অংশ নয়। বাংলাদেশ একটি স্বাধীন, আত্মমর্যাদাশীল, গণতান্ত্রিক ও সার্বভৌম রাষ্ট্র, যা তার জাতীয় স্বার্থ, স্বাধীনতা ও মর্যাদার প্রশ্নে কোনো ধরনের আপস করবে না।

বাংলাদেশ জাস্টিস পার্টি আরও দাবি করছে যে, বাংলাদেশের অভ্যন্তরীণ বিভিন্ন ঘটনা ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জনগণের মধ্যে বহিরাগত প্রভাব ও হস্তক্ষেপ সম্পর্কে যে উদ্বেগ ও সন্দেহ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, তা উপেক্ষা করার সুযোগ নেই। জনগণের এই উদ্বেগ দূর করার দায়িত্ব সংশ্লিষ্ট সকল পক্ষের। পারস্পরিক আস্থা ও সম্মান নষ্ট করে এমন যেকোনো কর্মকাণ্ড দুই দেশের জনগণের দীর্ঘমেয়াদি স্বার্থের পরিপন্থী।

বাংলাদেশ জাস্টিস পার্টি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জাতীয় স্বার্থের বিরুদ্ধে প্রত্যক্ষ বা পরোক্ষ যেকোনো ষড়যন্ত্র, হস্তক্ষেপ কিংবা দুরভিসন্ধিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সকল দেশবিরোধী অপশক্তিকে কঠোর হুঁশিয়ারি দিচ্ছে।
বাংলাদেশ জাস্টিস পার্টি পুনর্ব্যক্ত করছে যে, ১৯৭১ সালে রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় মর্যাদার প্রশ্নে বাংলাদেশের জনগণ কখনো আপস করবে না। বাংলাদেশের স্বাধীনতাপ্রিয় জনগণ অতীতের মতো ভবিষ্যতেও দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় সম্মান রক্ষায় ঐক্যবদ্ধ থাকবে।

যৌথভাবে প্রদত্ত
ড. সৈয়দ জাভেদ মোহাম্মদ সালেহউদ্দিন
চেয়ারম্যান
বাংলাদেশ জাস্টিস পার্টি
জনাব অনক আলী হোসেন শাহেদী
মহাসচিব
বাংলাদেশ জাস্টিস পার্টি

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর