সোমবার, ২২ জুন ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
এনসিপির সংসদ সদস্য হান্নান মাসউদের বক্তব্য ঘিরে সংসদে বিতর্ক কুয়ালালামপুরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত না ফেরার দেশে কুমিল্লা-২ আসনের সাবেক এমপি সেলিমা আহমেদ মেরী ‘ব্যাচেলর পয়েন্ট’ এ দেখা যাবে ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই লেবাননে যুদ্ধবিরতি ও তেলের ছাড়পত্র না দিলে হরমুজ প্রণালি খুলবে না: ইরান মালয়েশিয়ার কারাগারে থাকা বাংলাদেশিদের মুক্ত করতে চেষ্টা চালাবো: প্রধানমন্ত্রী নৃশংসভাবে খুন হওয়া নাজমুলের পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ চাঁদাবাজির মামলায় এনসিপির নেতাসহ আটক ২ চাঁদাবাজির অভিযোগ: এমপিপুত্র সজীবকে জিজ্ঞাসাবাদ করছে ডিবি

এবার প্রভাবশালী আরেক নেতা যোগ দিচ্ছেন বিএনপিতে

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৬ টাইম ভিউ
এবার প্রভাবশালী আরেক নেতা যোগ দিচ্ছেন বিএনপিতে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এবার বিএনপিতে যোগদান করছেন ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের শরিক ১২ দলীয় জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা।

সোমবার (২২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ যোগদান অনুষ্ঠান হবে। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

বিএনপি ও ১২ দলীয় জোট সূত্রে এসব তথ্য জানা গেছে।

তবে সৈয়দ এহসানুল হুদা তার নিজ দল বাংলাদেশ জাতীয় দল বিলুপ্ত করে নেতাকর্মীদের নিয়ে বিএনপিতে যোগদান করবেন নাকি একাই বিএনপিতে যোগদান করবেন, সে বিষয়ে কিছু জানা যায়নি।

নির্বাচন সামনে রেখে বিএনপির কাছে প্রাথমিকভাবে ১৯টি আসন চেয়েছিল ১২ দলীয় জোট। এর মধ্যে সৈয়দ এহসানুল হুদার জন্য কিশোরগঞ্জ-৫ আসনটি চেয়েছিল জোট। তবে এই আসনে এরই মধ্যে শেখ মুজিবুর রহমান ইকবালকে প্রার্থী করেছে বিএনপি। পরে আসন সমঝোতা নিয়ে ১২ দলীয় জোটের সঙ্গে বৈঠক করে বিএনপি। এছাড়া সৈয়দ এহসানুল হুদার সাথেও আলাদা বৈঠক করেছে বিএনপি।

জানা গেছে, বিএনপিতে যোগদান করার পর এহসানুল হুদাকে কিশোরগঞ্জ-৫ আসন থেকে ধানের শীষের মনোনয়ন দেওয়া হতে পারে। সেক্ষেত্রে এই আসনে ধানের শীষের বর্তমান প্রার্থী পরিবর্তন হয়ে যাবে।

গত ৮ ডিসেম্বর নিজ দল বিলুপ্ত করে নেতাকর্মীদের নিয়ে বিএনপিতে যোগদান করেন বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম। যোগদানের পর তাকে লক্ষ্মীপুর–১ আসন থেকে ধানের শীষের মনোনয়ন দেওয়া হয়।

এর আগে গত ১ ডিসেম্বর আওয়ামী লীগ নেতা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যুক্ত হন তিনি।

সেদিন রেজা কিবরিয়া বলেন, বিএনপিতে যোগ দিতে পেরে আমি গর্বিত। আমি আজ আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছি। বিএনপিতে যোগ দিতে খুবই আগ্রহী ছিলাম। কারণ এই দল দেশের গণতন্ত্র দুইবার রক্ষা করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার আদর্শ। এত বছর পরেও তিনি রাজনীতিতে এখনো জনপ্রিয়।

তিনি বলেন, বিএনপিতে যারা নেতৃত্বে আছেন, তারা তরুণদের স্বপ্ন পূরণ করতে সক্ষম হবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরিবারের ধারা বজায় রেখে চলেছেন। সবাই সাহায্য করবো নতুন বাংলাদেশ গড়তে। উনি বিদেশে আছেন এটি দুঃখজনক কিন্তু তিনি বিদেশে থেকে যা শিখেছেন তা নিয়ে দেশে ফিরবেন, যার মাধ্যমে দেশের উন্নয়ন হবে।

রেজা কিবরিয়া আরও বলেন, আমাদের দেশের মানুষের কাজের মান খুবই উন্নত। তাদের দক্ষতা বাড়াতে কাজ করলে দেশে এগিয়ে যাবে। নিজের এলাকার পাশাপাশি দেশের জন‍্য কাজ করতে চাই।

সেদিন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, আমরা অত্যন্ত গর্বিত যে, রেজা কিবরিয়া বিএনপিতে যোগ দিয়েছেন। আমি আমাদের দলের চেয়ারপার্সন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাই।

মির্জা ফখরুল আরও বলেন, তাকে আমরা স্বাগত জানাচ্ছি। বিএনপির ৩১ দফার আলোকে রেজা কিবরিয়া বাংলাদেশ গঠন ভূমিকা রাখতে পারবেন।

পরে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপির মনোনয়ন পান রেজা কিবরিয়া।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর