জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশের স্বার্থে বেগম খালেদা জিয়ার তৈরি করা ঐক্যের পাটাতনকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে এক ফেসবুক পোস্টে তিনি এ কথা বলেন।ফেসবুক পোস্টে জামায়াত আমির বলেন,
‘আজ বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হই। মূলত বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক আপসহীন নাম, মরহুমা বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতেই এই সাক্ষাৎ।’
তিনি বলেন, ‘মরহুমা বেগম খালেদা জিয়া এদেশের মানুষের অধিকার রক্ষায় যে ত্যাগ স্বীকার করেছেন, তা এদেশের ইতিহাসে এক উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে। আমরা পরম করুণাময় আল্লাহর কাছে তাঁর রূহের মাগফিরাত কামনা করছি এবং তাঁকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করার দোয়া করছি।’শেষে তিনি বলেন, ‘শোকের এই মুহূর্তে দেশের গণতন্ত্রকামী মানুষের ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। মরহুমা বেগম খালেদা জিয়া ঐক্যের যে পাটাতন তৈরি করে দিয়ে গেছেন, আমরা যেন বাংলাদেশের স্বার্থে সেই ঐক্য সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। আল্লাহ আমাদের সহায় হোন।’
এসময় বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য জনাব নজরুল ইসলাম খান, জনাব সালাহ উদ্দিন আহমদ এবং ডা. জাহিদ হোসেন উপস্থিত ছিলেন জামায়াত আমিরের সঙ্গে ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব সাইফুল আলম খান মিলন ও জনাব মোবারক হোসাইন।