রাজধানীর দোলাইরপাড়ে মাওয়া এক্সপ্রেসওয়ের মুখে সড়কে একটি বাস আগুনে পুড়েছে। বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় ওই বাসে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে তা নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা রোজিনা আক্তার জানান, বুধবার সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে বাসে আগুনের খবর পেয়ে সেখানে দুটো ইউনিট গিয়েছে।একটি ভিডিওতে দেখা যায়, দোলাইরপাড় ইয়ানজিন রেস্তোঁরার সামনে এক্সপ্রেসওয়ের লেনে বাসটি আগুনে জ্বলছে। ভিডিওতে বলতে শোনা যায়, বাসটিতে ‘অগ্নিসংযোগ’ করা হয়েছে।
এ নিয়ে বুধবার রাজধানীতে চারটি স্থানে বাস ও বাহনে আগুন লাগার ঘটনা ঘটল।
এরমধ্যে মিরপুরে সনি সিনেমার সামনে শতাব্দী পরিবহন নামে একটি বাসে আগুন দেওয়া হয়। অপরদিকে কাকরাইলে রমনা থানার সামনে আগুনে পোড়ে পুলিশের একটি পিকআপ ভ্যান। আর উত্তরায় পুড়েছে একটি মাইক্রোবাস। দুটি ঘটনাই যান্ত্রিক ত্রুটির কারণে ঘটেছে বলে পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে।