চট্টগ্রামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার নেতৃত্বে একদল তরুণ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চট্টগ্রাম উত্তর জেলা শাখার কার্যালয় দখল করেছেন। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে নগরের নিউমার্কেট এলাকার দোস্ত বিল্ডিংয়ে অবস্থিত ওই কার্যালয় দখলের ঘটনা ঘটে।
এ দখল অভিযানে নেতৃত্ব দেন এনসিপির চট্টগ্রাম নগর কমিটির যুগ্ম সমন্বয়কারী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক আরিফ মঈনুদ্দিন। তার সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরো কয়েকজন সাবেক সমন্বয়ক ও কর্মী উপস্থিত ছিলেন।
দখলের ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, একদল তরুণ কার্যালয়ের সামনে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর করছেন। সেখানে আরিফ মঈনুদ্দিনসহ এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উপস্থিতিও দেখা যায়। নগরের দোস্ত বিল্ডিংয়ে আওয়ামী লীগ ছাড়াও বিএনপি, বাসদ, গণসংহতি আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের কার্যালয় রয়েছে।
গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর একবার ভবনটিতে ভাঙচুর করা হয়েছিল। এরপর থেকে ভবনটি তালাবদ্ধ ছিল।
তবে এনসিপি নেতা আরিফ মঈনুদ্দিনের দাবি, নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা রাতে গোপনে ওই ভবনে সভা করতেন। তিনি গণমাধ্যমকে বলেন, ‘খবর পেয়ে আমরা ভবনে যাই এবং নিরাপত্তাপ্রহরীর কাছ থেকে জানতে চাই রাতে কারা আসে। তিনি বিষয়টি অস্বীকার করেন। পরে আমরা তালা ভেঙে ভেতরে ঢুকে বিভিন্ন প্রমাণ পাই। তাই আমরা ভবনটি তালা দিয়ে রেখেছি এবং আগামী দুই দিন এর কার্যক্রম পর্যবেক্ষণ করব।’
তিনি আরো বলেন, ‘ভবনটি একাত্তরের পর বিহারিদের ফেলে যাওয়া পরিত্যক্ত সম্পত্তি, যেখানে আওয়ামী লীগ ছাড়াও বিএনপি ও অন্যান্য দলের কার্যালয় রয়েছে।’
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন, ‘মঙ্গলবার রাত পর্যন্ত এ ঘটনার কোনো অভিযোগ পাওয়া যায়নি। তিনি জানান, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।’