আজ শুক্রবার পবিত্র জুমার নামাজ শেষে কালশী কবরস্থানে জুলাই বিপ্লবের অন্যতম শহীদ আলভীর কবর জিয়ারত করেছেন কর্নেল আব্দুল বাতেন (অব.)। এসময় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।
কবর জিয়ারত শেষে কর্নেল আব্দুল বাতেন (অব.) আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “আজ আমরা যে স্বাধীন ও নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, তা শহীদ আলভীর মতো হাজারো বীর সন্তানদের আত্মত্যাগের ফসল। এই তরুণদের প্রাণের বিনিময়েই বাংলাদেশ স্বৈরাচারমুক্ত হয়ে নতুনভাবে গড়ে ওঠার সুযোগ পেয়েছে। জাতি চিরকাল তাদের এই ঋণ শ্রদ্ধাভরে স্মরণ রাখবে।”
তিনি আরও যোগ করেন, “আমরা অবশ্যই জুলাইয়ের শহীদ ও গাজীদের ভুলবো না। তাদের এই মহান ত্যাগ আমাদের সুন্দর ও বৈষম্যহীন ভবিষ্যতের পথ দেখাবে। দেশ ও জাতির ক্রান্তিলগ্নে তাদের সাহসী ভূমিকা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে।”
এ সময় স্থানীয় ব্যক্তিবর্গ এবং শহীদ আলভীর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। মোনাজাতে শহীদদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করার পাশাপাশি দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধির জন্য দোয়া করা হয়। শেষে কর্নেল বাতেন আল্লাহর দরবারে দোয়া করেন যেন মহান আল্লাহ সকল শহীদকে উচ্চ মাকাম ও শহীদী মর্যাদা দান করেন।