‘মতের ভিন্নতা’ থাকলেও যেকোনো মূল্যে ঐক্য ধরে রাখার প্রতি গুরুত্বারোপ করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ‘আমাদের যেকোনো মূল্যে ঐক্য ধরে রাখতে হবে। মতের-ভিন্নতা থাকবে, আমরা বসব, আলোচনা করব। এমন কিছু আমরা বলব না, এমন কিছু করা থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব, যাতে কোনোভাবেই স্বৈরাচার বা তার প্রেত্মাতারা আবার এদেশের মানুষের কাঁধে চেপে বসতে না পারে। এই হোক আমাদের প্রত্যাশা, এই হোক আমাদের শপথ।’
শনিবার ১২ দলীয় জোটের ইফতার মাহফিলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই আহ্বান জানান। আন্দোলনে সহকর্মী-আপনজনদের হারানোর কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘আসুন যে ঐক্য নিয়ে আমরা স্বৈরাচার বিদায় করেছিলাম সেই ঐক্য আমরা ধরে রাখি। আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে আগামী দিনে এই ঐক্য বজায় রেখে, এই ঐক্য ধরে রেখে এদেশের মানুষের প্রত্যাশিত গণতন্ত্র প্রতিষ্ঠিত করা।’
তিনি বলেন, এদেশের মানুষের প্রত্যাশিত সংস্কার প্রক্রিয়াকে আমরা সকলে মিলে আলোচনার মাধ্যমে সকলে মিলে বাস্তবায়ন করবো। রাজধানীর মালিবাগে স্কাই সিটি হোটেলে আয়োজিত এই ইফতার মাহফিলে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ অংশ নেন।
সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো দুঃখজনক উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘দুঃখজনকভাবে আমরা দেখছি, একটি পরিস্থিতির উদ্ভব হচ্ছে- সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে। এখানে আপনারা সবাই রাজনীতিবিদ। গণতন্ত্র বলতে একজন সাধারণ মানুষের কাছে কি বুঝায়? সাধারণ মানুষের কাছে এক কথায় নির্বাচন, নির্ভয়ে ভোট দেয়ার যে সিষ্টেম সেটিকে গণতন্ত্র বলি আমরা।’
তারেক বলেন, কেউ কেউ বলছেন যে সংস্কার শেষ হবে- তারপরে নির্বাচন হবে। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যেটা শেষ হয়ে যায় সেটা তো সংস্কার হতে পারে না। সংস্কার একটা কনটিনিউআস প্রসেস, চলমান প্রক্রিয়া। আমাদের শিক্ষা ব্যবস্থায় যে গাফেলতিগুলো আছে সেই ত্রুটিগুলোকে আমরা সংস্কার করব, পরিবর্তন করব এবং সময়ের সাথে আরও যখন সামনে এগিয়ে যাবো আরও ভালো ব্যবস্থা করবো। শিক্ষা ব্যবস্থাকে আরও উন্নত কররো। দেশের মানুষের জন্য যে চিকিৎসা ব্যবস্থা আছে সেটিকে আমরা পরিবর্তন করব, উন্নত করব, পরিবর্তিত পরিস্থিতিতে সেটি এগিয়ে যাওয়ার পর আরও ভালো করার চেষ্টা করবো।
উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বের উদ্দেশ্য বলেন, এখানে আমরা যারা আছি রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ, আমাদের রাজনৈতিক ভিন্নমত আছে, আদর্শ সবার এক নয়। কিছু কিছু ভিন্নতা আছে। তবে একটি জায়গা আমরা সকলে এক, তা হচ্ছে বাংলাদেশ,বাংলাদেশের মানুষ ও গণতন্ত্র। এখানে কোনো বিভেদ নেই।