সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন

কেউ ক্ষমতার অপব্যবহার করলে আরেকটা গণবিপ্লব হবে : সারজিস আলম

নারায়ণগঞ্জ প্রতিনিধি :
  • আপডেটের সময় : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৮ টাইম ভিউ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আগামী নির্বাচনকে সামনে রেখে কেউ ক্ষমতার অপব্যবহারের চেষ্টা করলে দেশে আরেকটা গণবিপ্লব হবে। তার দাবি, আগামী নির্বাচন হতে হবে ৫৩ বছরের ইতিহাসে সম্পূর্ণরূপে নিরপেক্ষ।

রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকালে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রয়েল রির্সোট অডিটোরিয়ামে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সোনারগাঁও উপজেলা আয়োজিত ‘আপনার চোখে নতুন বাংলাদেশ’ শীর্ষক ক্যাম্পেইনে তিনি এসব কথা বলেন।

ফেব্রুয়ারি মাসেই দেশে ছাত্রদের নতুন রাজনৈতিক দলের ঘোষণা হবে জানিয়ে সারজিস বলেন, যদি সুষ্ঠু নির্বাচনে কোনো রাজনৈতিক দল ৩০০ আসনও পায় এতে আমরা কিছু মনে করব না। যারা গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে তারাই নতুন বাংলাদেশের নেতৃত্বের সামনের সারিতে থাকবে। তিনি জানান, ফ্যাসিস্টদের বিরোধী ছাত্রদের যে নতুন রাজনৈতিক দল হবে, সেই দলে সব শ্রেণি-পেশার মানুষের জন্য উন্মুক্ত থাকবে। তিনি আরো বলেন, খুনি হাসিনা লেজ গুটিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। সে শুধু নিজের মুখেই না, দলের নেতাকর্মীদের মুখেও চুনকালি মাখিয়েছে। সেটা থেকে আমাদের শিক্ষা নেওয়া প্রয়োজন।

এ সময় জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য তুহিন মাহামুদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের যুগ্ম আহ্বায়ক শাকিল সাইফুল্লাহ, মুখ্য সংগঠক জাহিদুল হক বাঁধন, সদস্য অনিক খাঁন সিয়ামসহ জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন স্থানীয় নেতাকর্মী, শহিদ পরিবার ও আহতরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর