বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি ফয়সালা হয়ে যাবে কে রাষ্ট্র ক্ষমতায় আসবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের অধীনে সুষ্ঠু ভোট হবে। কারণ শেখ হাসিনাও নাই, তাঁর গুণ্ডা-পাণ্ডারাও নেই যে দিনের ভোট রাতে নেবে এবং কেন্দ্র দখল করবে।
তিনি এ সময় আরও বলেন, গত ১৬ বছর জামায়াতের নেতাদের ফাঁসি দিয়ে মেরেছে এবং বিএনপির হাজার হাজার, লাখ লাখ নেতা-কর্মীদের, ছাত্রদের হত্যা করেছে, আয়না ঘরে নিয়ে নির্যাতন করেছে—সব সমানে সমান। তাই আমাদের মধ্যে মতাদর্শ ভিন্ন থাকলেও ২০০১ সালের মতো আমরা ভাই-ভাই, বন্ধু-বন্ধু মিলে ভোট করব। জনরায় যা হবে তা আমরা মেনে নিয়ে এলাকাতে ঐক্যবদ্ধভাবে থেকে উন্নয়ন করব।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার সময় নোয়াখালীর সেনবাগ উপজেলার ৪নং কাদরা ইউনিয়নের ঐতিহ্যবাহী তাহিরপুর তামিরুল উম্মাত ইসলামিয়া আলিম মাদ্রাসায় সরকারিভাবে আলিম পাঠদানের অনুমতি ও প্রথম বর্ষের শ্রেণিকার্যক্রমের উদ্বোধন ও ভর্তিকৃত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জয়নুল আবদিন ফারুক এসব মন্তব্য করেন।
মাদ্রাসার সভাপতি আতাউর রহমান সুজনের সভাপতিত্বে ও কামরুল হাসান তুহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য আবদুল্লাহ-আল মামুন, মাদ্রাসার অধ্যক্ষ মজিবুর রহমান একরামী, ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সেনবাগ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আহ্বায়ক মনিরুল ইসলাম, উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা আমিরুজ্জামান, জেএম এলিভেটর এন্ড টেকনোলজির চেয়ারম্যান মোরশেদ আলম চৌধুরী।
এ সময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, সেনবাগ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক এম এ আজিম চৌধুরী, সেনবাগ পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুক বাবুল, ব্যবসায়ী বাহার উল্লাহ বাহার, মুক্তিযোদ্ধা মু. আবু তাহের, কাদরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুরুল আমিন মেম্বার, সেক্রেটারি আবুল বাশার লিটন, যুবদল নেতা বিপ্লব ও সমাজসেবক আবদুল মান্নান প্রমুখ। আলোচনা সভা শেষে অতিথিগন আলিম প্রথম বর্ষের শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ—ব্যাগ, খাতা, কলম, পরিচয় পত্র তুলে দেন।