মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন

আন্তর্জাতিক ডেক্স:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৩ টাইম ভিউ
ছবি সংগ্রহীত

ফুটবল মাঠে অসংখ্য রেকর্ড গড়ার পর এবার অভিনয় ও প্রযোজনার মাধ্যমে বিনোদন অঙ্গনে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। বিশ্বকাপ থেকে বিদায়ের পর তিনি ‘কিংসম্যান’খ্যাত নির্মাতা ম্যাথিউ ভন এবং ‘হোমল্যান্ড’খ্যাত ব্রিটিশ অভিনেতা ড্যামিয়ান লুইসের সঙ্গে যৌথভাবে একটি টিভি ড্রামা সিরিজে কাজ করছেন।

ব্রিটিশ গণমাধ্যম দ্য সান-এর প্রতিবেদনে বলা হয়েছে, ‘ডে ওয়ানস’ শিরোনামের এই সিরিজটি যুক্তরাজ্যের ফুটবল এজেন্টদের পর্দার পেছনের জীবন নিয়ে নির্মিত হচ্ছে। এতে রোনালদোর পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনের আরও কয়েকজন ক্রীড়াবিদ ও বিনোদন তারকাকে দেখা যাবে।

ইতোমধ্যে লন্ডনে সিরিজটির শুটিং শুরু হয়েছে। ফুটবল এজেন্ট ড্যারেন ডেইনের একটি মূল ভাবনা থেকে নির্মিত সিরিজটির গল্প আবর্তিত হয়েছে ‘স্ট্যানলি ডাল্টন’ নামের এক কাল্পনিক ফুটবল এজেন্টকে ঘিরে। এই চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা ড্যামিয়ান লুইস।

প্রতিবেদন অনুযায়ী, ফরাসি ফুটবল কিংবদন্তি থিয়েরি অঁরি এবং ব্রিটিশ র‌্যাপার ডেভ অতিথি চরিত্রে উপস্থিত থাকবেন। ফুটবলভিত্তিক ড্রামা হওয়ায় সিরিজটি নিয়ে ইতোমধ্যেই ক্রীড়া ও বিনোদন অঙ্গনে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

এই প্রকল্পে রোনালদো শুধু অভিনয়ই করছেন না, তিনি নির্বাহী প্রযোজক হিসেবেও দায়িত্ব পালন করবেন। সিরিজটি নির্মিত হচ্ছে রোনালদো ও ম্যাথিউ ভনের যৌথ প্রযোজনা প্রতিষ্ঠান ইউআর•মার্ভ স্টুডিওস-এর ব্যানারে। গত বছর প্রতিষ্ঠিত এই সংস্থার এটি প্রথম বড় আনুষ্ঠানিক প্রযোজনা।

এর আগে প্রতিষ্ঠানটি দুটি ক্রীড়াভিত্তিক চলচ্চিত্র নির্মাণ করেছে। নির্মাতা ম্যাথিউ ভন ‘লক, স্টক অ্যান্ড টু স্মোকিং ব্যারেলস’, ‘লেয়ার কেক’, ‘এক্স-মেন: ফার্স্ট ক্লাস’ এবং ‘কিংসম্যান’ সিরিজের মতো জনপ্রিয় চলচ্চিত্র নির্মাণের জন্য বিশ্বজুড়ে পরিচিত।

বর্তমানে ৪১ বছর বয়সী রোনালদো সৌদি আরবের ক্লাব আল-নাসরের হয়ে খেলছেন। তবে ফুটবল ক্যারিয়ারের শেষ অধ্যায়ের পাশাপাশি অভিনয় ও প্রযোজনায় নিজেকে প্রতিষ্ঠিত করার প্রস্তুতিও শুরু করেছেন তিনি।

এদিকে নতুন সিরিজটি নিয়ে রোনালদো, ম্যাথিউ ভন কিংবা ড্যামিয়ান লুইসের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে ‘ডে ওয়ানস’ মুক্তির আগেই এটি নিয়ে ফুটবল ও বিনোদনপ্রেমীদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর