২০২৩ সালে ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডাঙ্কি’র টানা সাফল্যের পর দীর্ঘ তিন বছরের বিরতি শেষে ‘কিং’ সিনেমার মাধ্যমে আবারও বড় পর্দায় ফিরতে যাচ্ছেন বলিউডের ‘কিং খান’ শাহরুখ খান। মুক্তির আগেই ছবিটি ঘিরে দর্শকদের আগ্রহ তুঙ্গে। এরই মধ্যে সিনেমাটির মিউজিক রাইটস নিয়ে সামনে এসেছে বড় অঙ্কের সম্ভাব্য চুক্তির খবর।
ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ‘কিং’ সিনেমার মিউজিক রাইটস প্রায় ৫০ কোটি রুপিতে কিনতে যাচ্ছে জি মিউজিক। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি প্রযোজনা প্রতিষ্ঠান কিংবা সংশ্লিষ্ট কোনো পক্ষ।
জি এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইজেসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা পুনিত গোয়েঙ্কা ভারতীয় গণমাধ্যম ভ্যারাইটি ইন্ডিয়াকে জানিয়েছেন, মিউজিক রাইটস নিয়ে আলোচনা চলছে। তবে এখনো কোনো চূড়ান্ত চুক্তি সম্পন্ন হয়নি।
তিনি বলেন, ‘বর্তমানে একটি মিউজিক রাইটস চুক্তি নিয়ে আলোচনা চলছে। তবে এখনো কিছুই চূড়ান্ত হয়নি। এ মুহূর্তে চুক্তির আর্থিক অঙ্ক নিয়েও আমি কোনো মন্তব্য করতে চাই না।’
সাম্প্রতিক সময়ে বলিউডের বড় বাজেটের সিনেমাগুলোর মিউজিক রাইটসও মোটা অঙ্কে বিক্রি হয়েছে। এর আগে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ এবং ‘পুষ্পা ২’-এর মিউজিক রাইটস ৫০ থেকে ৫৪ কোটি রুপিতে বিক্রি হওয়ার খবর প্রকাশিত হয়।
অন্যদিকে, রণবীর কাপুর অভিনীত বহুল প্রতীক্ষিত ‘রামায়ণ’-এর দুই পর্বের মিউজিক রাইটস প্রায় ৭৫ কোটি রুপিতে টি-সিরিজ কিনেছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। সিনেমাটির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন বিশ্বখ্যাত সুরকার হ্যান্স জিমার এবং এ আর রহমান।
সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ‘কিং’ হবে ২০২৩ সালের ব্লকবাস্টার ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডাঙ্কি’র পর শাহরুখ খানের প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা। ফলে মুক্তির আগেই ছবিটির সম্ভাব্য মিউজিক রাইটস চুক্তি বলিউডে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। তবে চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত ৫০ কোটি রুপির অঙ্কটি সংশ্লিষ্ট মহলে আলোচনায় থাকা একটি দাবি হিসেবেই বিবেচিত হচ্ছে।