বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, জাতীয় নির্বাচন বানচাল করার জন্য একটি মহল সক্রিয়ভাবে কাজ করছে। তিনি বলেন, নির্বাচনের আগে কোনোভাবেই গণভোট আয়োজনের সুযোগ নেই। মুক্তিযুদ্ধবিরোধী শক্তি জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, তাদের প্রতি আহ্বান, নির্বাচনের বিরোধিতা না করে গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে সহযোগিতা করুন। শুক্রবার (৩১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-আ স ম রব) আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
বর্তমান সংকট সৃষ্টি করেছে সরকার নিজেই উল্লেখ করে ফখরুল বলেন, “ তারা যে কমিশন বা কমিটি গঠন করেছে, সেখানে গত আট-নয় মাস ধরে নানা সংস্কার ও ঐকমত্যের বিষয়ে আলোচনা হয়েছে। তবে কমিশনের কয়েকটি বিষয়ে আমরা একমত হতে পারিনি।”
তিনি আরও বলেন, “আমরা নির্বাচনে অংশ নেব এবং আমাদের ইশতেহারে এসব বিষয় অন্তর্ভুক্ত করব। জনগণ যদি আমাদের ভোট দিয়ে সরকার গঠনের সুযোগ দেয়, তবে আমরা সেই বিষয়গুলো সংসদে পাস করিয়ে দেশের পরিবর্তন ঘটাব।”
বিএনপি মহাসচিবের মতে, স্বাক্ষরিত জুলাই সনদ ও এর বাস্তবায়ন প্রক্রিয়ার মধ্যে বড় ধরনের পার্থক্য রয়েছে। ‘নোট অব ডিসেন্ট’ না রেখে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে। দেশের বর্তমান রাজনৈতিক সংকটের দায় অন্তর্বর্তীকালীন সরকার ও ঐকমত্য কমিশনের। আলোচনা সভায় আরও বক্তব্য দেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ অন্য নেতৃবৃন্দ।