শুক্রবার (১২ জুন) দুপুর একটা ৩১ মিনিটে প্রকাশিত আবহাওয়ার এক বিশেষ পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। আজ দুপুর থেকে শুরু করে রাত ১০টার মধ্যে দেশের আটটি বিভাগের অনেক এলাকাতেই বিক্ষিপ্তভাবে বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আবহাওয়ার ধরন অনুযায়ী এটি মূলত বিক্ষিপ্ত প্রকৃতির বৃষ্টি হবে বলে উল্লেখ করা হয়েছে।বিক্ষিপ্ত প্রকৃতির বৃষ্টি হওয়ায় দেশের কোনো কোনো এলাকায় মেঘ জমলেও শেষ পর্যন্ত বৃষ্টি কম বা একেবারেই না হতে পারে।
চট্টগ্রাম বিভাগের সব জেলাতেই বজ্রবৃষ্টির অনুকূল পরিবেশ ও ভালো সম্ভাবনা দেখা যাচ্ছে। ঢাকা ও খুলনা বিভাগেরও প্রায় সব জেলাতেই এই বিক্ষিপ্ত বজ্রবৃষ্টি হওয়ার আবহাওয়া তৈরি হয়েছে। এছাড়া বরিশাল বিভাগের কিছু কিছু স্থানে এমন বৃষ্টি হতে পারে, যার মধ্যে ভোলা, পিরোজপুর ও বরগুনা জেলা এবং এর পার্শ্ববর্তী অঞ্চলে সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি রয়েছে বলে জানানো হয়েছে।রংপুর বিভাগের নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা ও পঞ্চগড় জেলা এবং এর কাছাকাছি এলাকায় বজ্রবৃষ্টির পূর্বাভাস রয়েছে। রাজশাহী বিভাগের নাটোর, পাবনা, সিরাজগঞ্জ ও বগুড়া জেলা এবং এর আশপাশে এই বৃষ্টি হতে পারে। ময়মনসিংহ ও জামালপুর জেলাসহ ওই বিভাগের দুই-এক জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া সিলেট বিভাগের হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলাতেও কিছু সম্ভাবনা রয়েছে।
আটটি বিভাগের মধ্যে সিলেট বিভাগে এবার সবচেয়ে কম এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। অধিকাংশ বৃষ্টিপাত বিক্ষিপ্ত প্রকৃতির হওয়ায় বেশ কিছু এলাকায় মেঘ করলেও বৃষ্টি না হয়েই মেঘ কেটে যেতে পারে এবং একই জেলার একাধিক অংশে হালকা বা ভারী বৃষ্টি হতে পারে।