পদ্মা রেল সংযোগ সেতুর পিলারের মাটি খুঁড়ে নেওয়া হয়েছে ‘বিষয়টি এমন নয়’ বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তার মতে, সেতু নির্মাণের সময় রাখা মাটি সরানো হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
এর আগে নারায়ণগঞ্জের ফতুল্লার আলীগঞ্জে পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় জনমনে বিভ্রান্তি ও ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।সেতুমন্ত্রী বলেন, ‘মাটি খুঁড়ে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না। ওখানে যখন ব্রিজ হয়েছে, কিছু প্রতিবন্ধকতা কিন্তু রাখা হয়, ছোট ছোট ব্যারিয়ার তৈরি করা হয়। সেখান থেকে প্রয়োজনে মাটি সরানো হয়েছিল। পরবর্তীতে দেখা যাচ্ছে সরানোটাকে অন্যভাবে দেখছেন।’
মাটি সরিয়ে নেওয়ার বিষয়টিকে ইতিবাচকভাবে দেখা হচ্ছে না উল্লেখ করে তিনি বলেন, ‘এটা কনস্ট্রাকশনের অংশ হিসেবে থাকে, কিন্তু দীর্ঘদিন সরানো হয়নি। ওটা দিয়ে একটু উঁচু হওয়ায় ওখান থেকে আবার মই দিয়ে কিছু কিছু জিনিস চুরি হয়েছে বা হওয়ার উপক্রম হয়েছে।’
সার্বিক বিবেচনায় মাটি সরানো হয়েছিল জানিয়ে মন্ত্রী বলেন, ‘সেখানে অতিরিক্ত মাটি ছিল, অবস্ট্রাকল তৈরি করার জন্য, কনস্ট্রাকশন কাজের সহায়ক হিসেবে। এখন আবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ওখানে গাছ লাগানো হবে।’
রাজধানীর বাসস্ট্যান্ড সরানোর বিষয়ে তিনি বলেন, ‘একটা বাসস্ট্যান্ডে ১২-২৪ ঘণ্টা বাস থাকছে। আমরা মনে করছি ডিপোতে বাস থাকবে, ছাড়ার কিছু আগে এসে যাত্রী নেবে। বাসস্ট্যান্ডের যে ব্যবহার, সেটা হবে। কিন্তু দিনের পর দিন, ঘণ্টার পর ঘণ্টা বাসস্ট্যান্ডে থেকে যে যানজট তৈরি হচ্ছে, যে অব্যবস্থাপনা তৈরি হচ্ছে, ওটার পরিবর্তন চাচ্ছি।’