বিসিএস প্রশাসন কল্যাণ সমিতির ভবনে বোমা হামলায় হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে নিন্দা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (১ মার্চ) দুপুরে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এ নিন্দা জানান।মির্জা ফখরুল বলেন, ‘বিসিএস প্রশাসনের কল্যাণ সমিতিতে এই ধরনের বোমা হামলার ঘটনায় আমি তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানাচ্ছি। এ ধরনের হামলা প্রমাণ করে যে, দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির কত অবনতি ঘটেছে।’
তিনি বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসকগোষ্ঠীর পতনের পর দুষ্কৃতিকারীরা আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিসহ নৈরাজ্যের মাধ্যমে ফায়দা হাসিলের অপতৎপরতায় লিপ্ত হয়েছে। এ ধরনের হামলা এবং হতাহতের ঘটনা সেই অপতৎপরতারই বহিঃপ্রকাশ। এসব দুষ্কৃতিকারীদের কঠোর হস্তে দমনের বিকল্প নেই। আমরা আশা করব অতিদ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হবে।’
উল্লেখ্য, গত ২৭ ফেব্রুয়ারি রাতে নিউ ইস্কাটন রোডের বিসিএস প্রশাসন কল্যাণ সমিতির ভবনে বোমা হামলায় একজন নিহত ও একজন গুরুতর আহত হন।