দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বাড়তে থাকায় গত ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ রোগে মৃতের সংখ্যা বেড়ে ৫৬০ জনে পৌঁছেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
অধিদপ্তরের সর্বশেষ বুলেটিনে জানানো হয়, শনিবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ৫২ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৯৭৩ জন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় পরীক্ষার জন্য নেওয়া ৭৫টি নমুনায় হাম শনাক্ত হয়েছে। সব মিলিয়ে দেশে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৫ হাজার ৯৫১ জনে। আর পরীক্ষাগারে মোট ১০ হাজার ৩২৩টি নমুনায় রোগটি নিশ্চিত করা হয়েছে।
বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, গত এক দিনে সবচেয়ে বেশি ৩৯৮ জন রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। অন্যদিকে সবচেয়ে কম ১২ জন রোগী ভর্তি হয়েছেন রংপুর বিভাগে।
মৃত্যুর সংখ্যার দিক থেকেও শীর্ষে রয়েছে ঢাকা বিভাগ, যেখানে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত ২৩৬ জনের মৃত্যু হয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা রাজশাহী বিভাগে প্রাণ হারিয়েছেন ৮৭ জন।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, হামের সংক্রমণ নিয়ন্ত্রণে টিকাদান কার্যক্রম জোরদার করা, জনসচেতনতা বৃদ্ধি এবং আক্রান্ত ব্যক্তিদের দ্রুত চিকিৎসার আওতায় আনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।