দুই দশকের বেশি সময় ধরে টেলিভিশন নাটকে নিয়মিত অভিনয় করে দর্শকদের ভালোবাসা অর্জন করেছেন জিয়াউল ফারুক অপূর্ব। পাশাপাশি ওটিটিতেও নিজের অভিনয় প্রতিভার স্বাক্ষর রেখেছেন তিনি। তবে দীর্ঘ ক্যারিয়ারে বড় পর্দায় তাঁর উপস্থিতি তুলনামূলকভাবে কম। এখন পর্যন্ত মাত্র দুটি সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেতা। এবার নতুন করে চারটি সিনেমার প্রস্তাব নিয়ে তাঁর সঙ্গে আলোচনা চলছে।
২০১৫ সালে ‘গ্যাংস্টার রিটার্নস’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় অপূর্বের। এরপর দীর্ঘ বিরতির পর ২০২৪ সালে ভারতের পশ্চিমবঙ্গের সিনেমা ‘চালচিত্র’-এ অভিনয় করেন তিনি। সিনেমাটিতে স্বল্প সময়ের উপস্থিতি থাকলেও তাঁর অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়ায়।
এবার চারটি নতুন সিনেমা নিয়ে নির্মাতা ও প্রযোজকদের সঙ্গে আলোচনা চলছে অপূর্বের। তবে এখনো কোনো সিনেমার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তিনি।
এ প্রসঙ্গে গণমাধ্যমকে অপূর্ব বলেন, ‘এখনো আলোচনা চূড়ান্ত হয়নি। শুধু এতটুকু বলতে পারি, একসঙ্গে চারটি সিনেমা নিয়ে কথা হচ্ছে। অনেক সময় দেখা যায়, শুটিং শুরু হওয়ার পরেও শেষ পর্যন্ত সিনেমাটি আর হয় না। এ কারণে আগে থেকে বলতে চাই না। কোনো কারণে পরবর্তী সময়ে সিনেমাটি না হলে দর্শকের আস্থা নষ্ট হয়ে যাবে। যখন বুঝতে পারব আসলেই হচ্ছে, তখন আনুষ্ঠানিকভাবে সবাইকে জানাব।’
অভিনেতার এই বক্তব্যে স্পষ্ট, বড় পর্দায় ফেরার বিষয়ে তিনি আগ্রহী হলেও তাড়াহুড়া করে কোনো ঘোষণা দিতে চাইছেন না। চারটি প্রস্তাবের কোনটি শেষ পর্যন্ত চূড়ান্ত হবে, নাকি একাধিক সিনেমায় যুক্ত হবেন—তা এখনো নিশ্চিত নয়।
টেলিভিশন ও ওটিটির পাশাপাশি বড় পর্দায়ও নিজেকে নতুনভাবে উপস্থাপনের সুযোগ খুঁজছেন অপূর্ব। তবে গল্প, চরিত্র ও নির্মাণের বিষয়ে সন্তুষ্ট হওয়ার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চান তিনি।
এদিকে সম্প্রতি যুক্তরাষ্ট্রে একটি কনসার্টে অংশ নিয়ে দেশে ফিরেছেন অপূর্ব। দেশে ফিরেই আবার নাটকের শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়েছেন এই অভিনেতা। বড় পর্দার নতুন কাজের পাশাপাশি আপাতত নাটকের কাজও চালিয়ে যাচ্ছেন তিনি।