বলিউড সিনেমা ‘ডন ৩’ থেকে রণবীর সিংয়ের সরে দাঁড়ানোকে কেন্দ্র করে তৈরি হওয়া বিরোধ এবার আরও জটিল রূপ নিয়েছে। প্রযোজনা সংস্থা এক্সেল এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে অভিনেতার কাছে প্রায় ৪৫ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি করা হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে জানা গেছে। এবার সেই দাবিকে চ্যালেঞ্জ করে রণবীরের হয়ে ইন্ডিয়ান মোশন পিকচার প্রোডিউসার্স অ্যাসোসিয়েশন বা ইম্পার দ্বারস্থ হয়েছেন তাঁর বাবা জগজিৎ সিং ভবনানী।
জানা গেছে, মঙ্গলবার ইম্পার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন জগজিৎ। সেখানে রণবীরের পক্ষ থেকে লিখিত আবেদন জমা দেওয়ার পাশাপাশি বিরোধের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন নথি ও তথ্যপ্রমাণও সংগঠনটির কাছে তুলে দেন তিনি। ইম্পার সভাপতি অভয় সিনহা জানিয়েছেন, জমা দেওয়া নথিপত্র পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ ঠিক করা হবে।
‘ডন ৩’ নিয়ে বিরোধের সূত্রপাত রণবীরের প্রকল্পটি থেকে সরে দাঁড়ানোকে কেন্দ্র করে। প্রযোজক ফারহান আখতার ও রিতেশ সিধওয়ানির প্রযোজনা সংস্থা এক্সেল এন্টারটেইনমেন্টের দাবি, অভিনেতার সরে দাঁড়ানোর কারণে তাদের বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে। সেই ক্ষতির জন্যই প্রায় ৪৫ কোটি রুপি দাবি করা হয়েছে বলে প্রতিবেদনগুলোতে উল্লেখ করা হয়েছে। এর আগে বিষয়টি নিয়ে ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (এফডব্লিউআইসিই) রণবীরের বিরুদ্ধে অসহযোগিতামূলক নির্দেশ জারি করেছিল। পরে জুনে বিভিন্ন চলচ্চিত্র সংগঠনের সঙ্গে আলোচনার পর সেই নির্দেশ প্রত্যাহার করা হয়। তবে আর্থিক ক্ষতিপূরণের দাবি নিয়ে মূল বিরোধ এখনো মীমাংসিত হয়নি।
পুরো বিতর্কের মধ্যেও রণবীর নিজেকে কাজ থেকে সরিয়ে নেননি। ‘ডন ৩’ নিয়ে বিরোধ চলার মধ্যেই তিনি নতুন সিনেমা ‘প্রলয়’-এর শুটিং শুরু করেছেন। জয় মেহতা পরিচালিত পোস্ট-অ্যাপোক্যালিপটিক জোম্বি থ্রিলারধর্মী সিনেমাটিতে রণবীরের বিপরীতে অভিনয় করছেন কল্যাণী প্রিয়দর্শন। ১৭ আগস্ট মুম্বাইয়ে ছবিটির শুটিং শুরু হয়েছে।
‘প্রলয়’কে বড় পরিসরের একটি চলচ্চিত্র হিসেবে নির্মাণ করা হচ্ছে। সিনেমাটির গল্পে জোম্বি প্রাদুর্ভাবে বিপর্যস্ত এক ভবিষ্যৎ পৃথিবীর প্রেক্ষাপট তুলে ধরা হবে। রণবীর ও কল্যাণীর পাশাপাশি ছবিটি নিয়ে দর্শকদের মধ্যেও ইতোমধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
এদিকে ‘ডন ৩’ নিয়ে রণবীরের পক্ষ থেকে ইম্পায় নথি জমা দেওয়ার পর এখন সংগঠনটির আইনি পর্যালোচনার দিকেই নজর সংশ্লিষ্টদের। দুই পক্ষের বক্তব্য ও নথিপত্র যাচাইয়ের পর বিরোধটি কোন পথে এগোয়, সেটিই এখন দেখার বিষয়।