ঢাকার দোহার উপজেলার জয়পাড়া বড়মাঠ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবাসহ মো. সবুজ (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে দোহার থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১টা ১০ মিনিটে উপজেলার জয়পাড়া বড়মাঠ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন মো. সবুজের দেহ তল্লাশি করে তার কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হলে তাকে ঘটনাস্থল থেকেই হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো. সবুজ উপজেলার জয়পাড়া বড়মাঠ এলাকার করম আলীর ছেলে।
দোহার থানা পুলিশ জানায়, উদ্ধার হওয়া ইয়াবা জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজ থেকে মাদক নির্মূলে দোহার থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবার ও সেবনের বিরুদ্ধে ভবিষ্যতেও আরও জোরালো অভিযান পরিচালনা করা হবে।