রাজধানীর আদাবরে ছিনতাইকারী ধরতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের গুলিতে দুই ছিনতাইকারী আহত হয়েছেন। ঘটনায় আহত হয়েছেন আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও এক উপপরিদর্শক (এসআই)।
মঙ্গলবার (১৬ জুন) বিকেলে আদাবরের ডেল্টা গার্মেন্টসের পেছনে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে আহত দুজনসহ চারজনকে আটক করার কথাও জানিয়েছে পুলিশ। পুলিশ জানায়, মঙ্গলবার বেলা ১১টার দিকে আদাবরের শেখেরটেক এলাকায় বিকাশ এজেন্ট শফিকুল ইসলামকে কুপিয়ে তিন লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনার পর পুলিশ অভিযান শুরু করে। এর অংশ হিসেবে ঢাকা উদ্যানের কাছে ডেল্টা গার্মেন্টসের পেছনে যায় পুলিশ। এ সময় পুলিশের ওপর ছিনতাইকারীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।
মোহাম্মদপুর অঞ্চলের সহকারী কমিশনার আবদুল্লাহ আল মামুন বলেন, ‘কর্তব্যরত অবস্থায় হামলার শিকার হয়ে আহত হয়েছেন আদাবর থানার ওসি এবং উপপরিদর্শক (এসআই) তরুন। হামলাকারীরা ওসির মাথায় আঘাত করার চেষ্টা করলে তিনি হাত দিয়ে ঠেকানোর চেষ্টা করেন। এতে তাঁর হাতে কোপ লাগে। একই ঘটনায় এসআই তরুণও আহত হয়েছেন। তাঁর হাতের সামনের অংশে জখম হয়েছে। আহত দুই পুলিশ কর্মকর্তা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাদের পুলিশ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।’
তবে ডিএমপির মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জুয়েল রানা বলেন, ‘ছিনতাইকারী ধরতে অভিযানে গেলে পুলিশের ওপর হামলার চেষ্টা করে ছিনতাইকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালায়। এতে রুবেল ও আমির নামে দুই ছিনতাইকারী গুলিবিদ্ধ হন। পরে তাঁদের আটক করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। ঘটনাস্থল থেকে কাশেম ও জয় নামে আরও দুজনকে আটক করা হয়েছে। হামলার সময় আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম সামান্য আহত হন।’
পুলিশের দাবি, আটক ব্যক্তিরা একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সদস্য। সকালে সংঘটিত ছিনতাইয়ের ঘটনায় তাদের সম্পৃক্ততার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্টের পর ২২ মাসে দেশে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে ১ হাজার ৬১টি। এই হিসেবে প্রতি মাসে গড়ে পুলিশের ওপর ৪৮টি হামলার ঘটনা ঘটেছে।
এর মধ্যে ২০২৪ সালের ৫ আগস্ট-পরবর্তী পাঁচ মাসে পুলিশের ওপর ১৯২টি হামলার ঘটনা ঘটে। গত বছর ১২ মাসে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে ৬০১টি। আর এ বছর প্রথম পাঁচ মাসে (জানুয়ারি থেকে মে) এ সংখ্যা ২৬৮।