বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
হুসেইন মোহম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার গোয়ালন্দে ছোট ভাইয়ের লোভ ও মাদকাসক্ত কর্মচারীদের ক্ষোভে হত্যাকান্ডের শিকার হন ফারুক ব্রাজিলের সঙ্গে খেলে বাংলাদেশের ফুটবলে পরিবর্তন আসবে না, বলছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যুক্ত হতে বাংলাদেশ আগ্রহী বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কট করুন: তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাষ্ট্রপতির ঠাকুরগাঁও নির্ধারিত সফর স্থগিত করা হয়েছে ‘মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৬’ কাজিয়া লিজ মেজো সমালোচনার মুখে উপহারের ফ্রিজ ফেরত দিলেন বিভাগীয় প্রধান “আব্বাছ” ছয় দাবিতে জামায়াত জোটের লংমার্চ ৫ সেপ্টেম্বর শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’ শুরু হচ্ছে ৯ বছর পর

শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’ শুরু হচ্ছে ৯ বছর পর

বিনোদন ডেস্ক: 
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ১২ টাইম ভিউ
ছবি সংগ্রহীত

২০১৬ সালের ডিসেম্বরে ইউটিউবে প্রকাশিত হয়েছিল শাকিব খান অভিনীত ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার টিজার। ২ মিনিট ৯ সেকেন্ডের সেই টিজারে শাকিবের নতুন লুক ও অ্যাকশন দেখে দর্শকদের মধ্যে তৈরি হয়েছিল ব্যাপক আগ্রহ। এরপর থেকেই সিনেমাটি কবে মুক্তি পাবে—এ প্রশ্ন ঘুরছিল ভক্তদের মনে। কিন্তু সময়ের সঙ্গে সেই অপেক্ষা দীর্ঘ হয়েছে। এবার প্রায় এক দশক পর নতুন পরিকল্পনায় সিনেমাটি আবারও আলোর মুখ দেখার পথে।

আশিকুর রহমান পরিচালিত ‘অপারেশন অগ্নিপথ’-এর প্রথম দফার দৃশ্যধারণ হয়েছিল অস্ট্রেলিয়ায়। সেই শুটিংয়ের কিছু অংশ নিয়ে তৈরি টিজার প্রকাশের পর শাকিবের লুক ও অ্যাকশন দর্শকদের মধ্যে ব্যাপক প্রত্যাশা তৈরি করেছিল। কিন্তু প্রযোজনা-সংশ্লিষ্ট নানা জটিলতায় পরবর্তী সময়ে সিনেমাটির কাজ থেমে যায়। দীর্ঘদিন ছবিটির ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছিল।

সম্প্রতি প্রযোজক, পরিচালক ও শাকিব খান—তিন পক্ষই নতুন পরিকল্পনায় সিনেমাটি এগিয়ে নেওয়ার বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছেন বলে জানা গেছে। বর্তমান সময়ের দর্শকদের রুচি ও চাহিদার কথা বিবেচনা করে গল্পে কিছু পরিবর্তন এবং নতুন উপাদান যুক্ত করার পরিকল্পনা করা হয়েছে। একই সঙ্গে অভিনয়শিল্পীদের তালিকাতেও পরিবর্তন আসতে পারে।

ছবির প্রযোজনা প্রতিষ্ঠান ভার্টেক্স মিডিয়ার কর্ণধার জানে আলম। নির্মাণের দায়িত্বে থাকছেন আশিকুর রহমান। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী বছর সিনেমাটির মূল দৃশ্যধারণ শুরু করার পরিকল্পনা রয়েছে। শাকিব খানের কাছ থেকে দীর্ঘ শুটিং শিডিউল নেওয়ার বিষয়েও আলোচনা চলছে।

ছবিটি নিয়ে শাকিব খানও ইতিবাচক। প্রযোজকের সঙ্গে তাঁর আলোচনা হয়েছে জানিয়ে তিনি জানিয়েছেন, দর্শকদের দীর্ঘদিনের আগ্রহের এই সিনেমাটি শেষ করতে তিনিও আগ্রহী। দেশে ফেরার পর বাকি আলোচনা শেষে শুটিংয়ের পূর্ণাঙ্গ সময়সূচি নির্ধারণ করা হবে।

এদিকে সিনেমাটির পুরোনো ফুটেজও উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। সেই ফুটেজের সম্পাদনা ও কালার সংশোধনের কাজ শেষ করা হয়েছে। তবে নতুন পরিকল্পনায় গল্পে পরিবর্তন আসায় পুরোনো দৃশ্যের পাশাপাশি নতুন করে বেশ কিছু দৃশ্য ধারণ করা হবে।

অভিনয়শিল্পীদের ক্ষেত্রেও আসতে পারে পরিবর্তন। প্রথম পরিকল্পনায় শাকিব খানের বিপরীতে ছিলেন শিবা আলী খান। নতুন সংস্করণে তাঁর পাশাপাশি দেশের বাইরের একজন অভিনেত্রীকে যুক্ত করার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে। মিশা সওদাগর, তাসকিন রহমান, টাইগার রবি ও কাবিলার মতো শিল্পীদেরও সিনেমাটির সঙ্গে যুক্ত থাকার কথা রয়েছে।

‘অপারেশন অগ্নিপথ’ মূলত অ্যাকশন-থ্রিলার ঘরানার সিনেমা। নতুন পরিকল্পনায় নির্মাতারা আধুনিক প্রযুক্তি, নতুন গল্পের উপাদান এবং শাকিব খানের চরিত্র উপস্থাপনায়ও পরিবর্তন আনতে চাইছেন। ফলে পুরোনো টিজারের সঙ্গে নতুন সিনেমার চূড়ান্ত রূপে বেশ কিছু পার্থক্য থাকার সম্ভাবনা রয়েছে।

সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালে সিনেমাটির মূল দৃশ্যধারণ শুরু হবে। তবে ঈদ উৎসবের সময়কে এড়িয়ে বছরের অন্য কোনো সুবিধাজনক সময়ে ‘অপারেশন অগ্নিপথ’ প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।

দীর্ঘ অপেক্ষার পর নতুন গল্প, নতুন পরিকল্পনা ও শাকিব খানের উপস্থিতিতে ‘অপারেশন অগ্নিপথ’ শেষ পর্যন্ত কতটা দর্শকপ্রত্যাশা পূরণ করতে পারে, এখন সেটিই দেখার বিষয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর